অবৈধভাবে বালু উত্তোলন, সেতু ও গ্রাম হুমকিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলার বেড়েরবাড়ী এলাকায় বাঙ্গালী নদীর ওপর নির্মাণাধীন সেতুর নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। বালুমহালের ইজারাদার নিয়ম ভঙ্গ করে সেখান থেকে বালু উত্তোলন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নদী তীরের বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে। একই সঙ্গে বালু তোলার কারণে নির্মাণাধীন সেতুর অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। এ অবস্থায় এ বালু উত্তোলন বন্ধের দাবিতে জেলা প্রশাসক বরাবর গত বুধবার লিখিত আবেদন করেছেন।এলাকাবাসীর আবেদনে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে ধুনট উপজেলার সোনাহাটা-বাগবাড়ী রাস্তার বেড়েরবাড়ী বাঙ্গালী নদীর ওপর ২০০৪-২০০৫ অর্থবছরে ওই সেতু নির্মাণের কাজ শুরু হয়। এ জন্য ব্যয় ধরা হয় পাঁচ কোটি ৩০ লাখ টাকা। মাঝখানে কিছু দিন সেতুর কাজ বন্ধ ছিল। এখন আবার কাজ শুরু হয়েছে। এ সেতুর উত্তর পাশে ৪০০ মিটার দূরে বেড়েরবাড়ী সরকারি বালুমহাল। রুনা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এটি ইজারা নিয়েছে। ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক বগুড়ার আবু বক্কর সিদ্দিক। এলাকাবাসীর আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, সেতুর উত্তর পাশের ৪০০ মিটার দূর থেকে ইজারাদার আবু বক্করের বালু উত্তোলন করার কথা। কিন্তু তিনি লোকজন দিয়ে অবৈধভাবে সেতুর দক্ষিণ পাশ থেকে দুই সপ্তাহ ধরে বালু উত্তোলন করছেন। বাঁশ দিয়ে ভেলার মতো বানিয়ে এবং ড্রামের ওপর শ্যালো মেশিন বসিয়ে তাঁর লোকজন নদীর মধ্য থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এভাবে বালু তোলায় নির্মাণাধীন সেতু ও বেড়েরবাড়ী গ্রাম হুমকির মুখে পড়েছে।বেড়েরবাড়ী গ্রামের নবাব আলী অভিযোগ করেন, ‘নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় আমাদের গ্রামটি ভাঙনের কবলে পড়েছে। বালু তোলা বন্ধ করার জন্য ইজারাদারকে বার বার অনুরোধ করেছি। কিন্তু তিনি বালু উত্তোলন বন্ধ না করে গ্রামের লোকজনকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছেন।’ ইজারাদার আবু বক্কর সিদ্দিক বালু উত্তোলন করার বিষয়টি স্বীকার করে বলেন, ‘নদীতে পানি বাড়ায় এ মুহূর্তে বালুমহালের নির্ধারিত স্থান থেকে বালু উত্তোলন করা সম্ভব হচ্ছে না। এ জন্য ব্রিজের দক্ষিণ পাশ থেকে বালু তুলে সরকারি রাস্তার কাজ করা হচ্ছে। এতে স্থানীয় লোকজনের কোনো ক্ষতি হচ্ছে না।’ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন জানান, বাঙ্গালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের জন্য এলাকাবাসী একটি অভিযোগ করেছে। কিন্তু ওপর মহলের নির্দেশ ছাড়া আইনানুগ ব্যবস্থা নেওয়া সম্ভব হবে না।উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ হারুন বলেন, ‘এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে বেড়েরবাড়ী এলাকায় একজন সার্ভেয়ার পাঠিয়ে গত বৃহস্পতিবার বালু উত্তোলন বন্ধ করা হয়েছিল। তবে আবারও বালু উত্তোলনের বিষয়টি আমার জানা নেই।’