অবৈধভাবে বালু উত্তোলন, হুমকিতে সেতু ও বাঁধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর ছোট যমুনা নদীর ৩০টি স্থান থেকে প্রতিদিন শতাধিক ট্রাক বালু তুলে বিক্রি করছেন কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। বালু তোলার আইন লঙ্ঘন ও ইজারা না নিয়েই তাঁরা এ কাজ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ওই এলাকার দুটি সেতু ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হুমকির মুখে পড়েছে। এ বিষয়ে বালু মহালের ইজারাদারদের পক্ষ থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে লিখিত অভিযোগ করার পরও প্রশাসন শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।বালুমহাল ইজারাসংক্রান্ত আইনের ৪ উপধারার খ অংশে উল্লেখ করা হয়েছে: ‘সেতু, কালভার্ট, ড্যাম. ব্যারেজ, বাঁধ, সড়ক, মহাসড়ক, বন, রেললাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনা এবং আবাসিক এলাকার এক কিলোমিটারের মধ্য থেকে বালু তোলা নিষিদ্ধ। তবে জনস্বার্থে বিবেচিত হইলে সুনির্দিষ্ট কারণ উল্লেখপূর্বক এ শর্ত শিথিল করা যাইবে।’অভিযোগ আছে, স্থানীয় ভূমি কার্যালয়ের একশ্রেণীর কর্মকর্তা ও কর্মচারীর প্রত্যক্ষ সহযোগিতায় প্রভাবশালী ব্যক্তিরা অবৈধভাবে বালু তুলছেন। এতে বিভিন্ন স্থানে পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ সড়ক ও জনপথ বিভাগের গুরুপূর্ণ দুটি সেতু হুমকির মুখে পড়েছে। এর একটি নওগাঁ শহরের ছোট যমুনা নদীর দ্বিতীয় সেতু এবং অপরটি বদলগাছী-আক্কেলপুর সড়কের বেইলি সেতু।নওগাঁ সদর উপজেলার বালুমহালের ইজারাদার জাহাঙ্গীর আলম ও বদলগাছী উপজেলার রাহেলা আলম জানান, স্থানীয় প্রশাসনের সহায়তায় ছোট যমুনা নদীর নওগাঁ সদর, বদলগাছী ও ধামুরহাট উপজেলা অংশের অন্তত ৩০টি স্থান থেকে প্রতিদিন ২০০-৩০০ ট্রাক বালু বিক্রি করছেন স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি।অবৈধভাবে বালু উত্তোলনকারীদের প্রভাবের কারণে বালুর প্রকৃত ব্যবসায়ীরা তাঁদের ইজারার অংশের বালুমহালে নামতে পারছেন না। ছোট যমুনা নদীর নির্দিষ্ট বালুমহালের পরিবর্তে বিভিন্ন স্থান থেকে বালু তোলা হচ্ছে। এ বালু ট্রাক ভরে বাঁধের ওপর দিয়ে পরিবহন করা হচ্ছে। এতে সদর উপজেলার করলাবাড়ী ঘাট থেকে ইসবপুর পর্যন্ত ৩৭ কিলোমিটার এলাকার বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ব্যাপারে পাউবোর নওগাঁ কার্যালয়ের কর্মকর্তারা গত বছরের ১২ অক্টোবর জেলার বালুমহাল ইজারাসংক্রান্ত কমিটির সভায় অভিযোগ করেন। এর পরও বালু তোলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।এলাকাবাসী অভিযোগ করেন, সদর উপজেলার শিবপুর, ডিগ্রির মোড়, করলাবাড়ী ও জেলেপাড়া থেকে কোমাইগাড়ি মহল্লার মোয়াজ্জেম হোসেন ও মামুন, ইকরতারা গ্রামের আবদুল কুদ্দুস, ছরোয়ার হোসেন ও ভুলু অবৈধভাবে বালু তুলছেন। একই উপজেলার পোকাপরী ঘাট, নূরপুর ও নামা নূরপুর থেকে নামা নূরপুর গ্রামের রঞ্জিত ও এমদাদুল হক, ইকরতারা গ্রামের রফিক, ফতেপুর গ্রামের আলম ও হারুন এবং বালুভরা থেকে ওই গ্রামের মানিক মণ্ডল বালু তুলছেন।বদলগাছী উপজেলার জাবারীপুর ঘাট এলাকায় একই গ্রামের ইব্রাহীম হোসেন, কটকবাড়ী ও পারসোমবাড়ী থেকে কটকবাড়ী গ্রামের সিরাজুল ইসলাম, তীরমোহানী থেকে একই গ্রামের বেলাল হোসেন এবং ধামুরহাট উপজেলার ধুলাউড়ি ঘাট থেকে জামালপুর গ্রামের হিমু ও মোড়র গ্রামের বিপ্লব হোসেন, ইসবপুর সেতু এলাকায় জামালপুর গ্রামের মাহমুদুল ইসলাম ও নুর আলম বালু তুলছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নুর আলম অবৈধভাবে বালু তোলার অভিযোগ অস্বীকার করে জানান, বালু ব্যবসার সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই। বালু তোলার সঙ্গে জড়িত অন্যরা এ অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেননি।বদলগাছী উপজেলার বালুমহালের ইজারাদার রাহেলা আলম বলেন, অবৈধভাবে বালু তোলার বিষয়ে তিনি নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয় ও বদলগাছীর ইউএনও বরাবর গত বছরের ২৯ জুলাই ও ১১ অক্টোবর দুটি লিখিত অভিযোগ করেন। কিন্তু প্রশাসন আজও কোনো পদক্ষেপ নেয়নি।অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোজাফফর আহম্মদ জানান, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ ও সংশ্লিষ্ট উপজেলার ইউএনওদের নির্দেশ দেওয়া হয়েছে।