অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসনে লিখিত অভিযোগ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মেঘনা নদীর তীরবর্তী চারটি গ্রামের পাশ থেকে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা সিন্ডিকেট করে অবৈধভাবে বালু উত্তোলন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার এলাকাবাসী জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য কবির হোসেন, স্থানীয় মানবাধিকারনেত্রী জাহানারা আক্তারসহ এলাকার কৃষকেরা উল্লেখ করেন, উপজেলা আওয়ামী লীগের নেতারা সিন্ডিকেট করে মেঘনা নদীর তীরবর্তী ভাটিবন্দর, জিয়ানগর, কান্দারগাঁও ও ঝাউচর গ্রামের পাশ থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছেন। এলাকাবাসী অবৈধ এ বালু উত্তোলন বন্ধের জন্য স্থানীয় প্রশাসনকে জানালেও আওয়ামী লীগ নেতাদের চাপে তাঁরা কোনো ব্যবস্থা নেননি। ইতিমধ্যে গ্রামের অনেক বাড়িঘর ও কৃষিজমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। জমি ও বাড়িঘর হারিয়ে অনেকে নিঃস্ব হয়ে গেছে। বালু উত্তোলনে বাধা দেওয়ায় আওয়ামী লীগের কর্মীরা গত এক সপ্তাহে ১০ জন কৃষককে পিটিয়ে আহত করেন।
মেঘনা নদীর চররমজান সোনা উল্লা ছয় বালুমহালের ইজারাদার ছাত্রলীগের সাবেক নেতা আবু নাইম ইকবাল বলেন, ‘গ্রামবাসী আমাদের কাছ থেকে চাঁদা চায়—এ জন্য তাদের বিরুদ্ধে জিডি করেছি। আমরা বৈধভাবেই বালু তুলি।’