অবৈধভাবে বালু উত্তোলন সেতু হুমকিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের মনিরামপুর পৌর শহরের মধ্য দিয়ে প্রবাহিত হরিহর নদের ১০টি স্থান থেকে অবৈধভাবে প্রতিদিন কয়েক শ ভ্যানে বালু তুলে বিক্রি করছে এলাকার প্রভাবশালী একটি চক্র। বালু তোলার আইন অমান্য করে এবং ইজারা না নিয়েই তারা এভাবে বালু তুলছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ওই এলাকার বাদামতলা সেতুটি হুমকির মুখে পড়েছে। এখনই বালু তোলা বন্ধের ব্যবস্থা না নিলে সেতুটি যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে বলে এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করেছেন। বালুমহাল ইজারাসংক্রান্ত আইনের ৪ উপধারার ‘খ’ অংশে উল্লেখ করা হয়েছে—সেতু, কালভার্ট, ড্যাম, ব্যারাজ, বাঁধ, সড়ক, মহাসড়ক, বন, রেললাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনা এবং আবাসিক এলাকার এক কিলোমিটারের মধ্য থেকে বালু তোলা নিষিদ্ধ। তবে জনস্বার্থে বিবেচিত হলে সুনির্দিষ্ট কারণ উল্লেখপূর্বক এ শর্ত শিথিল করা যাবে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, তাহেরপুর গ্রামের বালু ব্যবসায়ী আ. সাত্তারের নেতৃত্বে ইজ্জত আলী, জসিম উদ্দীন, গোলাম মোস্তফা, আল আমিন, মিজানুর রহমান, আশরাফ আলী, আ. রহিম এবং একই গ্রামের কওছার আলীর নেতৃত্বে আ. কাশেম, ফারুক হোসেন, আ. গফ্ফারসহ বেশ কয়েকজন হরিহর নদের ১০টি স্থান থেকে প্রতিদিন অবৈধভাবে বালু তুলছেন। এতে তাহেরপুরের বাদামতলা সেতুটি হুমকির মুখে পড়েছে।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, হরিহর নদের ওপর বাদামতলার ৩৬ মিটার দীর্ঘ এই সেতুটি ২০০২ সালে নির্মাণ করা হয়। এটি নির্মাণে প্রায় ৪৪ লাখ টাকা ব্যয় হয়। সেতুটি নির্মাণ করায় বিজয়রামপুর, তাহেরপুর, মোহনপুর, জুড়ানপুরসহ প্রায় ২০ গ্রামের মানুষ পৌর শহরে সহজে যাতায়াত করতে পারছে।গত রোববার দুপুর ১২টায় সরেজমিনে দেখা যায়, হরিহর নদের বাদামতলা সেতুর পিলারের পাশ থেকে আবদুস সাত্তারের নেতৃত্বে ইজ্জত আলী, জসিম উদ্দীন, গোলাম মোস্তফা, আল আমিন, মিজানুর রহমান, আশরাফ আলী, আ. রহিমসহ আরও কয়েকজন শ্রমিক নিয়োগ করে বালু তুলে ভ্যান বোঝাই করছেন। কার অনুমতি নিয়ে নদী থেকে বালু তুলছেন, জানতে চাইলে আ. সাত্তার বলেন, ‘নদীর পানি শুকিয়ে যাওয়ার পর আমরা এখান থেকে বালু তুলে বিভিন্ন স্থানে বিক্রি করছি। এ তো সরকারি নদী, কার অনুমতি লাগবে? এতে তো নদী আরও গভীর হচ্ছে।’ তাহেরপুর গ্রামের তুলসী বোস বলেন, ‘বালু উত্তোলন বন্ধ করার জন্য আমরা প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছিলাম, তাতে কাজ হয়নি।’ তাহেরপুর মোড়ের মুদি দোকানদার নজরুল ইসলাম বলেন, ‘প্রতিদিন ভোর হলে বালুদস্যু এবং ক্রেতারা এ মোড়ে ভিড় জমায়।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান বলেন, ‘যারা বালু তুলছে, তাদের বিরুদ্ধে আমি অবশ্যই ব্যবস্থা নেব।’