অবৈধভাবে বালু উত্তোলন হুমকিতে দুটি বিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় শ্যালো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুটি বিদ্যালয় হুমকির মুখে পড়েছে। অনুমতি না নিয়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় পুকুর থেকে এসব বালু তোলা হয় বলে অভিযোগ উঠেছে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর গ্রামে একসময় সেখানে একটি ছোট্ট পুকুর ছিল। বালু তুলতে তুলতে সেটি এখন অনেক বড় হয়েছে। সেই পুকুর থেকে শ্যালো মেশিন বসিয়ে অব্যাহত বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছে।যেখান থেকে বালু তোলা হচ্ছে, এর পাশ দিয়ে চলে গেছে একটি পাকা সড়ক। শ্যালো মেশিন দিয়ে পুকুরের তলদেশ থেকে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করায় পুকুর পাড়ের দক্ষিণ দিকের একটি বাড়ি ভাঙনের মুখে পড়েছে। এই বাড়ির পাশেই রয়েছে মাসুম আলী বেসরকারি উচ্চবিদ্যালয়। আর পুকুরের পশ্চিম প্রান্তে বাগপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে একসময় এই শিক্ষাপ্রতিষ্ঠান দুটিও হুমকির মুখে পড়বে।বাগপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের পাশে অবস্থিত একটি পুকুর থেকে বালু উত্তোলন করা হচ্ছে। বালু তোলার কারণে এর আশপাশের জমি ভাঙতে ভাঙতে বিদ্যালয়ের পাশে এসে ঠেকার উপক্রম হয়েছে। মাসুম আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহেনা বেগম বলেন, অবৈধভাবে এই বালু উত্তোলনের বিষয়টি অবহিত করে উপজেলা প্রশাসনের ভূমি কার্যালয়ে কয়েক দফা পত্র দিয়ে আবেদন করা হয়েছে। কিন্তু কোনো কাজে আসেনি।ভাঙনের মুখে পড়া বাড়ির মালিক আজিজুল ইসলাম বলেন, ‘পুকুরপাড়ের কিছু জমি এই জাগার মোস্তাফিজুর রহমানের কাছোত বিক্রি করছি। এলা দেখছি, বালু তোলায় পুকুর ভাঙতে ভাঙতে হামার বাড়িও বুঝি ভাঙি যায়।’ বালু উত্তোলনকারী মোস্তাফিজুর রহমান বলেন, ‘পুকুরটি নিজের। নিজের পুকুর থেকে বালু তুলে বিক্রি করছি।’ এই বালু তুলতেও প্রশাসনের অনুমতির প্রয়োজন রয়েছে—এমন এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রশাসনকে অবহিত করে এই বালু তোলা হচ্ছে।বড়বিল ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, সরেজমিনে গিয়ে এই বালু তুলতে তাদের নিষেধ করা হয়েছে। এর পরেও বালু উত্তোলন করা হচ্ছে বলে তিনি স্বীকার করেছেন।উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুদা এই পুকুর থেকে বালু তোলার বিষয়টি স্বীকার করে বলেন, তাদের কয়েক দফা নিষেধ করা হয়েছে। আবার যে বালু তোলা হচ্ছে, এটি তাঁর জানা নেই। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এই পুকুর থেকে বালু তোলা হচ্ছে—এমন অভিযোগ তিনি অস্বীকার করেছেন।