অবৈধভাবে বালু উত্তোলন হুমকিতে সড়ক, জমি
রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের কাগজীপাড়া গ্রামে মানাস নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় সড়ক ভাঙছে, ভাঙছে আবাদি জমি।উপজেলার গজঘণ্টা বাজার ঘেঁষে মানাস নদ কাউনিয়া উপজেলার হারাগাছের বুড়ি তিস্তা নদীতে গিয়ে মিশেছে। পুরো নদটি সড়কের পাশ ঘেঁষে আনুমানিক সাত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। প্রবাহিত এই নদের গজঘণ্টা ইউনিয়নের জয়দেব এলাকার কাগজীপাড়া গ্রামে অগভীর সেচযন্ত্র বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। অভিযোগ রয়েছে, ওই এলাকার দুলু মিয়া নামে এক ব্যক্তি সেচযন্ত্র বসিয়ে বালু উত্তোলন করছেন। সরেজমিনে দেখা গেছে, বালু তুলে ট্রাকে করে বিক্রি করা হচ্ছে।স্থানীয় কৃষক আনুছ মিয়া বলেন, ‘জমি ভেঙে গেলে ফসল পাওয়া যাবে না।’ কৃষক মাহবুবুর রহমান বলেন, ‘চলাচলের জন্য একমাত্র সড়কটি ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। সড়কটি এই বর্ষায় ভেঙে গেলে এলাকার মানুষের ওপর দুর্ভোগ নেমে আসবে।’ কৃষক রাশেদুল ইসলাম বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি আমরা ইউনিয়নের চেয়ারম্যানকে জানিয়েছি। কিন্তু কোনো কাজ হয়নি।’গজঘণ্টা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খলিলুর রহমান বলেন, ‘বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিইনি।’ বালু উত্তোলনকারী দুলু মিয়া প্রথম আলোকে বলেন, ‘এর আশপাশ এলাকার জমিগুলো আমার।’ এ ছাড়া এই নদের কিছু অংশে তাঁর জমি রয়েছে বলে দাবি করেন তিনি। উপজেলা সহকারী সহ-কমিশনার (ভূমি) নাজমুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমাদের কেউ জানায়নি। তবে ঘটনাটি সরেজমিন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’