অবৈধভাবে বালু উত্তোলনে দুই দলের নেতারা এককাট্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ধলেশ্বরী নদীর বিভিন্ন স্থানে অবৈধভাবে খননযন্ত্র (ড্রেজার) বসিয়ে বালু তুলছেন স্বেচ্ছাসেবক দল ও আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী। এ কারণে এ বছর দুই শতাধিক ঘরবাড়ি ও বসতভিটা নদীতে বিলীন হয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। ভাঙনের ঝুঁকিতে রয়েছে নদী তীরবর্তী বসতভিটা, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা।
নেতা-কর্মীদের দাবি, তাঁরা অনুমতি নিয়ে বালু তুলছেন। তবে ঘিওর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শরিফুল ইসলাম বলেন, আশপাশের গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙতে পারে এ আশঙ্কায় এ বছর থেকে উপজেলার কুস্তা বালুমহালের ইজারা বাতিল করা হয়েছে। মাঝেমধ্যে অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনকারীদের জরিমানা করা হয়। কিছুদিন পর তাঁরা আবার বালু তোলেন।
এলাকাবাসী জানান, ধলেশ্বরী ঘিওরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে মানিকগঞ্জ সদরে কালীগঙ্গা নদীতে মিলেছে। প্রতিবছরই কুস্তা, বেগুননার্চি, নার্চি, শ্রীধরনগর ও কুশুন্ডা এলাকায় ভাঙন শুরু হয়। তবে এবারের ভাঙন তীব্র। এর কারণ উপজেলার অধিকাংশ স্থানে ১৫ থেকে ২০টি খননযন্ত্র দিয়ে বালু তোলা হচ্ছে। এর মধ্যে কুস্তায় ঘিওর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছানোয়ার হোসেন একটি, কুশুন্ডায় স্থানীয় বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডের সদস্য আওয়ামী লীগ কর্মী রতন প্রধান ও যুবলীগ কর্মী করিম মিয়া দুটি, বাথুরাকান্দিতে সবুজ হোসেন ও বৈলট এলাকায় মো. ময়না একটি করে খননযন্ত্র বসিয়ে বালু তুলছেন।
গত বুধবার সরেজমিনে দেখা গেছে, কুশুন্ডায় দুটি ও কুস্তায় ঘিওর সরকারি ডিগ্রি কলেজের পেছনে ঘিওর সেতুর প্রায় ১০০ গজ দূরে একটি খননযন্ত্র বসানো হয়েছে। এসব খননযন্ত্র দিয়ে পাইপের মাধ্যমে আশপাশের এলাকার নিচু জমি ও জলাশয় ভরাট করা হচ্ছে।
কুশুন্ডা গ্রামের হাবিব মিয়া ও উজ্জ্বল মিয়া বলেন, নদীভাঙনে এ বছর উপজেলায় দুই শতাধিক বসতভিটা ও ঘরবাড়ি বিলীন হয়েছে। গত এক মাসে কুশুন্ডায় অবৈধভাবে খননযন্ত্র দিয়ে বালু তোলায় আশপাশের ৩৫ থেকে ৪০টি বাড়ির জমি ভেঙে গেছে।
কুস্তা গ্রামের শামসুল আরেফিন ও তেরশ্রী গ্রামের মজিবর রহমান বলেন, ঘিওর সরকারি ডিগ্রি কলেজের প্রায় ১০০ গজ দূরে নদীতে খননযন্ত্র বসানো হয়েছে। এভাবে বালু তোলায় নদীর গতিপথ পরিবর্তন হয়ে ওই কলেজ, ঘিওর সেতু ও উপজেলা সরকারি খাদ্যগুদাম ভাঙনের কবলে পড়তে পারে।
বালু উত্তোলনকারীদের বক্তব্য: ছানোয়ার হোসেন দাবি করেন, ‘প্রশাসনের মৌখিক অনুমতি নিয়ে বালু তুলছি। এতে কোনো ক্ষতি হবে না। নদীর নাব্যতা স্বাভাবিক থাকবে।’
রতন প্রধান ও করিম মিয়াও দাবি করেন, স্থানীয় প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়ে তাঁরা বালু তুলছেন। তবে এ ব্যাপারে তাঁরা কোনো কাগজ দেখাতে পারেননি। কার কাছ থেকে অনুমতি নিয়েছেন তা-ও বলতে পারেননি।
প্রশাসন যা বলে: ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মোহামঞ্চদ আলী বলেন, নদী থেকে খননযন্ত্র বা অন্য কোনো উপায়ে মাটি বা বালু তোলার ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে মৌখিক বা লিখিত কোনো অনুমতি কাউকে দেওয়া হয়নি। শিগগিরই অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।