অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে আট নৌযান জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে আটটি নৌযান আটক করেছে বন্দর ও কোস্টগার্ডের একটি দল। গত বুধবার গভীর রাতে কর্ণফুলী নদীর শাহ আমানত সেতুর উজানে বাকলিয়া চর এলাকা থেকে বালুভর্তি এসব নৌযান আটক করা হয়।বন্দর সূত্র জানায়, কর্ণফুলী নদীর সদরঘাট থেকে শাহ আমানত সেতুর ৫০০ মিটার উজান পর্যন্ত এলাকায় বর্তমানে ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের কাজ চলছে। ক্যাপিটাল ড্রেজিংয়ের প্রকল্প এলাকায় বালু উত্তোলনসহ আনুষঙ্গিক কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এর বাইরে কর্ণফুলী নদীর বন্দর সীমানায় বালু উত্তোলন নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা ভেঙে প্রতিদিন রাতে কয়েকটি প্রতিষ্ঠান বালু উত্তোলন করছিল। কয়েক দিন পর্যবেক্ষণের পর গত বুধবার রাতে যৌথ অভিযান চালিয়ে এসব নৌযান আটক করা হয়।কোস্টগার্ডের স্টাফ অফিসার (অপারেশন) মো. জসীমুজ্জামান প্রথম আলোকে বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে এসব নৌযান আটক করা হয়েছে। তিনি জানান, এসব নৌযান বন্দরের কাছে হস্তান্তর করা হয়েছে।এ প্রসঙ্গে বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ বলেন, আটক নৌযানগুলো বন্দরের জিম্মায় রাখা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তিনি বলেন, কর্ণফুলী নদীর যে এলাকা থেকে নৌযানগুলো জব্দ করা হয়েছে, সেখানে বালু উত্তোলন নিষিদ্ধ।