অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট সদরের একটি খাল থেকে অবৈধভাবে বালু তোলার দায়ে শেখ আনোয়ার ওরফে সামাদ নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে বাগেরহাট সদরের বেমতা ইউনিয়নের কলাবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূরুল হাফিজ এ অর্থদণ্ড করেন। শেখ আনোয়ার কলাবাড়িয়া গ্রামের বাসিন্দা। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও নূরুল হাফিক বলেন, বেমতা ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামের খালে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছিলেন ওই ব্যক্তি। অভিযোগের পরিপ্রেক্ষিতে সেখানে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে সরকারি আইন লঙ্ঘন করে খাল থেকে বালু উত্তোলনের দায়ে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ডাদেশ দেন।
এর আগে বাজারমূল্যের অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর বাজার এলাকার এক সার বিক্রেতাকে ১৫ হাজার টাকা জরিমানা করেন একই আদালত। ইউএনও বলেন, যাত্রাপুর বাজারের এলাহী ভান্ডারের মালিক শাহ আলম বিভিন্ন প্রকার সারের কেজিপ্রতি ১০ টাকা করে বেশি নিচ্ছিলেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অভিযোগের সত্যতা মেলায় ওই ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।