অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে নয়জনের কারাদণ্ড
নরসিংদীর শিবপুর উপজেলায় কৃষিজমি থেকে অবৈধভাবে বালু তোলার দায়ে নয় ব্যক্তিকে তিন মাস করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার দুলালপুর এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত বালুবোঝাই একটি ট্রাক ও বালু উত্তোলনের তিনটি যন্ত্র জব্দ করেন। এ সময় বালু তোলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নয় ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। বিকেলে আদালত তাঁদের ওই সাজার আদেশ দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন দুলালপুর গ্রামের মো. হানিফা মিয়া, আশিকুর রহমান, শাওন মিয়া ও মনির হোসেন ভূঁইয়া; চণ্ডীবর্দী এলাকার কাজল মিয়া ও বজলুর রহমান; আশ্রাবপুর এলাকার মামুন মিয়া ও ইদ্রিস মিয়া এবং পুবেরগাঁও এলাকার মো. জাকির ভূঁইয়া।জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানা গেছে, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলামের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়।