অবৈধভাবে বালু তুলছেন ইউপি চেয়ারম্যান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়নের পদ্মা নদীর শুকুর আলী মৃধারডাঙ্গি এলাকায় পদ্মা নদী থেকে দুই মাস ধরে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রমিকদের দিয়ে এভাবে বালু তুলছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে পদ্মা নদীর মৃধারডাঙ্গি এলাকা থেকে বালু তোলা শুরু হয়। শ্যালো ইঞ্জিনচালিত তিনটি যন্ত্র দিয়ে বালু তোলা হচ্ছে। গত ১৮ মার্চ দুপুরে ওই এলাকায় গিয়ে দেখা গেছে, নদী থেকে তোলা বালু পাইপের সাহায্যে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে চর টেপুরাকান্দি এলাকার বিভিন্ন বাড়ির নিচু জমি ভরাট করা হচ্ছে। বর্তমানে ওই এলাকার মোয়াজ্জেম শেখের জায়গা ভরাটের কাজ চলছে। ইতিমধ্যে ওই এলাকার খালেক শেখ, হাশেম মোল্লা, মতিয়ার মোলা, ফজল শেখ, রহমান শেখ, আহমেদ শেখ, ইদ্রিস মোল্লা ও সালমা বেগমের জমি ভরাট করা হয়েছে। খননযন্ত্রের মালিকসহ ছয়জন কর্মচারী বালু তোলার কাজ করছেন।
খননযন্ত্রের মালিক ফরিদ বিশ্বাস জানান, গত জানুয়ারি থেকে নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মোস্তাকুজ্জামান ও ছয় নম্বর ওয়ার্ডের সদস্য কবির শেখের নির্দেশে বালু তোলা হচ্ছে।’
অভিযোগ অস্বীকার করে নর্থ চ্যানেল ইউপির চেয়ারম্যান মোস্তাকুজ্জামান দাবি করেন, ‘আমি কাউকে নদী থেকে বালু তোলার নির্দেশ দিইনি। এলাকাবাসী তাদের মালিকানাধীন জমি থেকে এ বালু কাটছে।’ তিনি আরও বলেন, ‘খননযন্ত্রের মালিক ফরিদ আমার নামে অভিযোগ করেছেন শুনে আমি তাঁকে ডেকে এনে ধমকে দিয়েছি।’
পানি উন্নয়ন বোর্ড ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী আবদুল মতিন সরকার জানান, ‘আমরা নদী থেকে কাউকে বালু তোলার অনুমতি দিইনি। আমি এ ব্যাপারে মামলা করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি।’
ইউএনও জহিরুল ইসলাম বলেন, ‘আমি সহকারী কমিশনার (ভূমি) ও তহশিলদারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছি।’