অবৈধভাবে বালু তোলার প্রতিবাদে গ্রামবাসীর বিক্ষোভ
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু তোলার প্রতিবাদে কয়েক শ গ্রামবাসী মানববন্ধন ও মিিছল করেছেন৷ উপজেলার নয়ানগর ও বালুচর গ্রামের মেঘনার তীরে গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় এই কর্মসূচি পালন করা হয়৷
মানববন্ধন শেষে এলাকাবাসী মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেন৷
স্থানীয় লোকজন জানান, বালুমহালের ইজারা গ্রহণকারী চক্র বছরের পর বছর ইজারা নিয়ে নদীর তীরে এসে অবৈধভাবে বালু তুলে গ্রামের পর গ্রাম বিলীন করে দিচ্ছে৷ কয়েক দফায় প্রতিবাদ করেও এর কোনো প্রতিকার পাওয়া যায়নি৷ প্রশাসনও এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না৷ তাঁরা আরও জানান, বালুমহালের ইজারা গ্রহণকারীদের নদীর তীর থেকে ১০০ মিটার দূরে বালু তোলার কথা৷ কিন্তু তাঁরা রাতের আঁধারে তীর ঘেঁষে ড্রেজার দিয়ে বালু তুলে নিয়ে যান৷
এলাকার সোহেলী সাদিয়া নামে এক বাসিন্দা বলেন, তাঁরা গ্রামবাসীর পক্ষে একাধিকবার প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছেন৷ কিন্তু প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি৷
ইউএনও মাহবুবুল করিম বলেন, গত মঙ্গলবারও দুটি ড্রেজার জব্দ করে জরিমানা করা হয়েছে৷ এই অভিযান অব্যাহত থাকবে৷