অবৈধভাবে বালু তোলায় আটক ২৪, নয়টি খননযন্ত্র জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু তোলার অভিযোগে ২৪ জনকে আটক ও নয়টি খননযন্ত্র (ড্রেজার) জব্দ করেছে পুলিশ। গতকাল সোমবার সেখানে অভিযান চালানো হয়।
বালু তোলায় জড়িত ব্যক্তিরা অভিযোগ করেন, অভিযানের সময় পুলিশ তাঁদের ওপর গুলি চালালে আটজন আহত হন। এ সময় আত্মরক্ষার্থে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন তিনজন। তবে চাঁদপুরের মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মাহবুবুর রহমান গুলি চালানোর অভিযোগ অস্বীকার করে জানান, যাঁরা অবৈধভাবে বালু তোলেন, তাঁরা এ ধরনের অপপ্রচার চালান।
অভিযান চালানোর বিষয়ে ওসি মাহবুবুর রহমান বলেন, মুন্সিগঞ্জ সদর ও গজারিয়া থেকে লোকজন খননযন্ত্র নিয়ে অবৈধভাবে চাঁদপুর মতলব উত্তরের বাহাদুরপুর এলাকায় বালু তুলছিলেন। খবর পেয়ে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মফিজুল ইসলামের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালান। এ সময় নয়টি খননযন্ত্র জব্দ ও ২৪ জনকে আটক করা হয়। খননযন্ত্র ও আটক ব্যক্তিরা থানা হেফাজতে রয়েছেন।
মুন্সিগঞ্জের চর আবদুল্লাহপুরে মেঘনা নদীতে বালুমহাল ইজারাদার আফসার উদ্দিন ভূঁইয়া অভিযোগ করে বলেন, ‘আমরা আমাদের সীমানায় চর আবদুল্লাহপুরে বালু তুলছিলাম। হঠাৎ মতলব উত্তর থানার পুলিশ ট্রলারে করে এসে আমাদের লোকজনের ওপর গুলি চালায়। এতে আটজন শ্রমিক গুলিবিদ্ধ হন। এ ছাড়া নদীতে ঝাঁপ দিয়ে তাইজুল ইসলাম, আওলাদ ও হান্নান নামে তিনজন শ্রমিক নিখোঁজ রয়েছেন। আহত নাজমুল, শরীফ ও আনোয়ারসহ আটজনকে নারায়ণগঞ্জ ও গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
মতলব উত্তরের ইউএনও বলেন, মতলবের সীমানায় এসে তাঁরা প্রায়ই বালু তোলেন। পুলিশ আসার খবর পেলে তাঁরা মুন্সিগঞ্জের সীমানায় চলে যান। পুলিশ চলে গেলে তাঁরা আবার এখানে এসে বালু তোলেন।