অবৈধভাবে বালু তোলার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘনা নদীর তীর ঘেঁষে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মুন্সিগঞ্জের গজারিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। উপজেলার হোসেন্দি ইউনিয়নের টানবলাকি, গোয়ালগাঁও এবং ফুলদি গ্রামের বাসিন্দারা গতকাল মঙ্গলবার সকালে এসব কর্মসূচি পালন করেন।
পরে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করেন এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। শতাধিক ব্যক্তি স্মরকলিপিতে স্বাক্ষর করেন।
স্মারকলিপিতে গ্রামবাসী বলেন, গজারিয়ার হোসেন্দি ইউনিয়নের মেঘনা নদীসংলগ্ন চর আশ্রাফদি ও চর বেতকী মৌজার বালুমহাল ইজারা নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা মেঘনা নদীর তীর ঘেঁষে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন। এতে ওই তিনটি গ্রামে ভাঙন শুরু হয়েছে। ভাঙনের হুমকির মুখে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় ভবন, দুটি মসজিদ, একটি করে কবরস্থান, ঈদগা মাঠ, বাজারসহ বিশাল এলাকা।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে তিনটি গ্রামের অর্ধসহস্রাধিক নারী-পুরুষ উপজেলা পরিষদসংলগ্ন সড়কে জড়ো হন। তাঁরা সেখানে ১১টা পর্যন্ত মানববন্ধন করেন। মানববন্ধন শেষে তাঁরা বিক্ষোভ মিছিল নিয়ে ইউএনও কার্যালয় ঘেরাও করেন। সাড়ে ১২টার দিকে বিক্ষোভকারীরা উপজেলা পরিষদে জেলা প্রশাসককে উপস্থিত পেয়ে তাঁর কাছে স্মারকলিপি দেন।
জেলা প্রশাসক সাইফুল হাসান বলেন, ‘আমরা অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। প্রয়োজনে যে বালুমহালের নাম করে তীর থেকে বালু উত্তোলন করা হচ্ছে, সেই বালুমহালের ইজারা বাতিল করা হবে।