অবৈধভাবে বালু তোলায় আট শ্রমিককে জরিমানা
নারায়ণগঞ্জের সোনারগাঁর নুনেরটেক গ্রামের পাশে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু তোলার সময় গতকাল সোমবার সকালে সেখানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের সদস্যরা। এ সময় তাঁরা আট শ্রমিককে আটক ও বালু তোলার দুটি খননযন্ত্র (ড্রেজার) জব্দ করেন।পরে শ্রমিকদের প্রত্যেককে এক লাখ টাকা করে মোট আট লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা পরিশোধ করার পর শ্রমিকদের ছেড়ে দেওয়া হয়। স্থানীয় লোকজন জানান, উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে কুমিল্লার মেঘনা উপজেলার বাসিন্দা যুবলীগের কর্মী জাকির হোসেনের নেতৃত্বে ২০-২৫ জনের একটি চক্র মেঘনা নদীর নলচর, নুনেরটেক ও রামপ্রসাদের চর গ্রামের পাশ থেকে অবৈধভাবে বালু তুলছিল। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল সকালে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম আল আমিনের নেতৃত্বে পুলিশ ও কোস্ট গার্ডের সদস্যরা নুনেরটেক গ্রামের পাশে অভিযান চালান। অবৈধভাবে বালু তোলার সময় আন্তপ্রত্যাশা ড্রেজার-৩ ও এমভি মেরাজ নামের দুটি খননযন্ত্র জব্দ করেন তাঁরা। আটক করেন খননযন্ত্রের শ্রমিক শাহ আলী, রূপচান মিয়া, সোহাগ মিয়া, বাবুল হোসেন, রাশেদ খান, সোলায়মান মিয়া, ইসমাঈল হোসেন ও রিপন মিয়াকে।