অবৈধভাবে বালু তোলায় তিন ব্যক্তিকে জরিমানা
ফরিদপুরে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তোলার অভিযোগে তিন ব্যক্তির প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে এক মাস করে সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বেলা একটার দিকে ফরিদপুর সদরের ডিক্রিরচর ইউনিয়নের পদ্মা নদীতে এ অভিযান চালানো হয়।নির্বাহী হাকিম কে এম কামরুজ্জামান ও নির্বাহী হাকিম শাহিদুল ইসলাম এই অভিযান চালান। এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের ডিজি মকবুল হোসেন উপস্থিত ছিলেন। দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন: ঢাকার দোহারের মো. কামাল ব্যাপারী (৫০) ও মো. কুদ্দুস মাঝি (৫০) এবং সিরাজগঞ্জের আল মাসুদ (৪৫)। নির্বাহী হাকিম কে এম কামরুজ্জামান জানান, ফরিদপুরের তীর সংরক্ষণ কাজে জিও ব্যাগে মাটি কিনে সরবরাহ করার দায়িত্ব নিয়েছিলেন সাব-ঠিকাদার মোশাররফ হোসেন। কিন্তু তিনি বালু না কিনে অবৈধভাবে নদীর সরকারি বালু কেটে ব্যাগে ভরে সরবরাহ করছিলেন। এ জন্য ওই তিন ব্যক্তিকে দণ্ড দেওয়া হয়। ঘটনাস্থল থেকে এক হাজার জিও ব্যাগ জব্দ করা হয়। ব্যাগগুলো পরে পদ্মা নদীর তীর ধলার মোড় নামক জায়গায় এনে পুড়িয়ে ফেলা হয়। তবে পদ্মা নদীর তীর সংরক্ষণ কাজে নিয়োজিত সাব-ঠিকাদার মোশাররফ হোসেন প্রথম আলোর কাছে দাবি করেছেন, ‘আমরা সরকারি জায়গা থেকে নয়, ব্যক্তিগত মালিকানাধীন জায়গা থেকে প্রতি ট্রলার ৫০ টাকা হারে মাটি কেটে কাজ করছিলাম।’