অবৈধভাবে বালু তোলায় তিনজনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে বিলচাপড়ি এলাকায় বাঙ্গালী নদী থেকে অবৈধভাবে বালু তোলার অভিযোগে তিনজন বালু ব্যবসায়ীর বিরুদ্ধে ধুনট থানায় মামলা হয়েছে। গত ২৯ আগস্ট এলাঙ্গী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শুকুর আলী মামলাটি করেন। ধুনট থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ী এলাকায় বাঙ্গালী নদীর ওপর প্রায় আট কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে সেতুর নির্মাণকাজ চলছে। ওই সেতুর উত্তর পাশের চরে ড্রেজার বসিয়ে কালেরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সদস্য নজরুল ইসলাম, তাঁর সহযোগী আলিম ও তুহিন বালু তুলছেন। কয়েক মাস ধরে তাঁরা ওই স্থান থেকে অবৈধভাবে বালু তুলেছেন। পাশ থেকে বালু তোলায় দেবে গিয়ে সেতু ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে এলাকাবাসী সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ করেন। পরে ইউএনওর নির্দেশে এলাঙ্গী ইউনিয়ন ভূমি কার্যালয়ের সহকারী ভূমি কর্মকর্তা শুকুর আলী ঘটনাস্থলে এসে তদন্ত করে ঘটনার সত্যতা পান। ছাত্রলীগের নেতা নজরুল ইসলাম দাবি করেন, ‘নদীর চরে জেগে ওঠা আমাদের পৈতৃক জমি থেকে আমরা বালু তুলেছি। এর আগে স্থানীয় রবিউল ইসলাম সেখান থেকে বালু তুলে বিক্রি করেছেন। এখন আমরা তোলায় তাঁরা আমাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন।’