অবৈধভাবে বালু তোলায় হুমকির মুখে গ্রোয়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা সদর উপজেলার গিদারি ইউনিয়নের ধুতিচোরা গ্রামে ব্রহ্মপুত্র নদে ১০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত গ্রোয়েন-সংলগ্ন স্থান থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। ফলে পাঁচটি গ্রোয়েনের একটি হুমকির মুখে পড়েছে। গিদারি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য খালেকুজ্জামান জানান, গ্রোয়েন নির্মাণের পর ২১ বছর ধরে এই এলাকার মানুষের মধ্যে ভাঙনের চিন্তা ছিল না। কিন্তু বালু উত্তোলন করায় গ্রোয়েনটি হুমকির সম্মুখীন। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) জানিয়েও কোনো কাজ হয়নি। গাইবান্ধা পরিবেশ আন্দোলন কমিটির আহ্বায়ক ওয়াজিউর রহমান বলেন, এভাবে বালু উত্তোলন করলে ভূমিধস হয়ে গ্রোয়েনসহ আশপাশের এলাকা দেবে যেতে পারে। তাই এখনই বালু উত্তোলন বন্ধ করা দরকার।গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, ব্রহ্মপুত্র ও যমুনার তীরবর্তী ১০টি ইউনিয়নের বিশাল জনপদ ভাঙনের কবল থেকে রক্ষা করতে ১৯৯৫ সালে সদর উপজেলার গিদারি ইউনিয়নের ধুতিচোরা গ্রামে ব্রহ্মপুত্র নদের পশ্চিম পাড়ে পাঁচটি গ্রোয়েন নির্মাণ করা হয়। ২০০ মিটার ব্যবধানে নির্মিত হয় একটি করে গ্রোয়েন। এতে ব্যয় হয় প্রায় ১০০ কোটি টাকা। ইউনিয়নগুলো হলো সদর উপজেলার কামারজানি, মোল্লারচর, গিদারি, ঘাগোয়া; ফুলছড়ির কঞ্চিপাড়া, উড়িয়া, ফজলুপুর, এরেন্ডাবাড়ি, গজারিয়া ও সাঘাটার হলদিয়া। নদীশাসনের জন্য ফ্যাপ (ফ্লাড অ্যাকশন প্ল্যান) কর্মসূচির আওতায় এসব গ্রোয়েন নির্মাণ করা হয়।গাইবান্ধা পাউবোর নির্বাহী প্রকৌশলী রেজাউল মোস্তফা আশাফুদদৌলা জানান, বিষয়টি জানার পর একজন প্রকৌশলীকে পাঠিয়ে বালু উত্তোলন বন্ধের নির্দেশ দেওয়া হয়। কিন্তু তার পরও এলাকার প্রভাবশালী ব্যক্তিরা জোরপূর্বক বালু তুলছেন। এ জন্য প্রশাসনিক সহায়তা চেয়ে জেলা সমন্বয় কমিটির সভায় প্রস্তাব করা হয়েছে। প্রয়োজনে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে মামলা করা হবে।গত শনিবার সরেজমিনে দেখা গেছে, উত্তর-দক্ষিণে প্রবাহিত ব্রহ্মপুত্র নদের পশ্চিম পাড়ে প্রায় দুই কিলোমিটারের মধ্যে পাঁচটি গ্রোয়েন রয়েছে। এর মধ্যে দক্ষিণ পাশের গ্রোয়েনটির প্রায় দেড় শ গজ দূর থেকে শ্যালো ইঞ্জিন বসিয়ে বালু তোলা হচ্ছে।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ধুতিচোরা এলাকার প্রভাবশালী তসলিম মিয়া, মনিম মিয়াসহ কয়েকজন মাঠ ভরাটের নামে এ বালু তুলছেন। গ্রামের ব্যবসায়ী খলিলুর রহমান বলেন, ‘১৫ দিন ধরে বালু তুলতে দেখছি। যাঁরা বালু তুলছেন, তাঁরা এলাকার প্রভাবশালী। তাই বাধা দিয়েও কোনো কাজ হচ্ছে না।’ তসলিম মিয়া বলেন, ‘বালু উত্তোলন অবৈধ কি না, জানি না। নদীভাঙনকবলিত এসব এলাকায় মাটি পাওয়া দুষ্কর। তাই মাঠ ভরাটের জন্য বালু তোলা হচ্ছে।’