অবৈধভাবে বিদেশ পাঠালে ১০ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে কেউ কর্মীদের বিদেশ পাঠালে সর্বোচ্চ শাস্তি হিসেবে ১০ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হবে। সঙ্গে জরিমানারও বিধান রয়েছে। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নতুন এই আইনের অনুমোদন দেওয়া হয়।

বৈধভাবে বিদেশ যাওয়া নিশ্চিত করতে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন-২০১৩ অনুমোদন করেছে মন্ত্রিসভা। ১৯৮২ সালের বহির্গমন অধ্যাদেশটি যুগোপযোগী করে নতুন এই আইন করা হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, নতুন এই আইনের ফলে বাঁকা পথে বিদেশে যাওয়া বন্ধ হবে। অবৈধভাবে কেউ কর্মীদের বিদেশ পাঠালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা করার বিধান রাখা হয়েছে। মিথ্যা আশ্বাস দিয়ে বিদেশ পাঠালে সর্বোচ্চ শাস্তি হবে পাঁচ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা। সরকারের অনুমোদন ছাড়া বিদেশ যাওয়ার বিজ্ঞাপন দিলে সাত বছরের কারাদণ্ড ও তিন লাখ টাকার জরিমানা করার বিধান রাখা হয়েছে।

বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান প্রথম আলোকে বলেন, ‘১৯৮২ সালের আইনে শাস্তির বিধান অনেক কম ছিল। এ কারণেই নতুন এই আইন করা হয়েছে।’ এতে বিদেশ যাওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা আসবে বলে তিনি মনে করেন।