অবৈধভাবে বিদেশ যাত্রা, উদ্ধার ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকা থেকে পুলিশ গতকাল সোমবার আট ব্যক্তিকে উদ্ধার করেছে। চাকরি দেওয়ার প্রলোভনে অবৈধভাবে সমুদ্রপথে তাঁদের মালয়েশিয়া পাঠানো হচ্ছিল। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, রফিকুল ইসলাম ও বাবু মিয়া নামের দুই ব্যক্তি (দালাল) অবৈধভাবে সমুদ্রপথে শ্রমিক হিসেবে মালয়েশিয়া পাঠাতে ওই আটজনকে গতকাল কক্সবাজার নিয়ে যাচ্ছিলেন। মাইক্রোবাসে সড়কপথে তাঁদের নেওয়া হচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে সোনারগাঁ পুলিশ সন্ধ্যায় মহাসড়কের মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকা থেকে তাঁদের উদ্ধার করে।
আটক রফিকুলের বাড়ি নরসিংদীর মাধবদী পৌরসভার বোরদিয়া গ্রামে এবং বাবু চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ওসমানপুর গ্রামের বাসিন্দা। উদ্ধারকৃত আটজনের মধ্যে পাঁচজন মেহেরপুরের গাংনী উপজেলার সাল দোয়ার গ্রামের বাসিন্দা। বাকি তিনজনের বাড়ি নরসিংদীর সদর উপজেলার পাইকাদী গ্রামে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিজাউল হক বলেন, আটক দালালদের বিরুদ্ধে সোনারগাঁ থানার উপপরিদর্শক মেজবাহ উদ্দিন বাদী হয়ে মামলা করেছেন।