অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ, ৭ জনকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে বিদ্যুৎ সংযোগের দায়ে গাজীপুর সিটি করপোরেশন এলাকায় অভিযান চালিয়ে সাত গ্রাহককে সাত লাখ ৫৬ হাজার ১৭৪ টাকা জরিমানা করেছেন গাজীপুর পল্লিবিদ্যুৎ সমিতির ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে এ অভিযান চালানো হয়। 

আদালত সূত্র জানায়, যে সাতজনকে জরিমানা করা হয়েছে তাঁরা প্রত্যেকেই বাড়িওয়ালা। বাসা ভাড়া দিয়ে তাঁরা প্রত্যেক ভাড়াটিয়ার কক্ষে বিদ্যুৎসংযোগ দিয়েছেন। নিজেদের জন্য বরাদ্দ মিটারের তার কেটে এ সংযোগ দেওয়া হয়েছে। এভাবে অবৈধভাবে বিদ্যুৎসংযোগ দেওয়ার দায়ে গাজীপুরের বাইমাইল এলাকার তাসলিমা বেগমকে এক লাখ ১৫ হাজার ৪১২ টাকা, বারেন্ডা এলাকার সুরুজ মিয়াকে ৩৪ হাজার ৯৭৪ টাকা, একই এলাকার মিজান মাতবরকে দুই লাখ ৩০ হাজার ৩২৪ টাকা ও মানিক মিয়াকে এক লাখ তিন হাজার ৯২১ টাকা, নয়াপাড়া এলাকার মজিবুর রহমানকে ৯৮ হাজার ১৭৬ টাকা এবং সারদাগঞ্জ এলাকার গোলজার হোসেনকে ২৩ হাজার ৪৮৩ ও একই এলাকার রিয়াজ ভূঁইয়াকে এক লাখ ৪৯ হাজার ৮৮৬ টাকা জরিমানা করা হয়। জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয় এবং অবৈধভাবে দেওয়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা শাহরিন মাধবী, গাজীপুর পল্লিবিদ্যুৎ সমিতির কোনাবাড়ী আঞ্চলিক কার্যালয়ের উপমহাপরিচালক মোকলেছুর রহমানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে জানতে চাইলে মোকলেছুর প্রথম আলোকে বলেন, অভিযান অব্যাহত থাকবে।