অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়ায় সিবিএ নেতার দণ্ড
বাগেরহাটে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়ার দায়ে জসিম হাওলাদার (৩৫) নামের এক সিবিএ নেতাকে দেড় বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) বাগেরহাট কার্যালয় থেকে জসিমকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে দণ্ড দেন। দুপুরে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
জসিম হাওলাদার ওজোপাডিকো বাগেরহাট কার্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারী ও সিবিএর সাধারণ সম্পাদক।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিমউদ্দিন। তিনি বলেন, ‘ওজোপাডিকোর বাগেরহাট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী পলাশ পালকে সঙ্গে নিয়ে শহরের অবৈধ বিদ্যুৎ সংযোগের সন্ধানে অভিযানে যাই। শহরের দশানী ও লঞ্চঘাট এলাকায় গিয়ে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধভাবে নেওয়া মোট পাঁচটি বিদ্যুতের সংযোগ দেখতে পাই। যাদের এই সংযোগ দেওয়া হয়েছে, তাঁরা ওজোপাডিকোর কর্মচারী ও সিবিএ নেতা জসিমকে বিদ্যুৎ সংযোগের জন্য ৪০-৫০ হাজার টাকা করে দিয়েছেন বলে আমার কাছে অভিযোগ করেন। তাদের অভিযোগের ভিত্তিতে জসিমকে তাঁর কার্যালয় থেকে গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।’
প্রকৌশলী পলাশ পাল বলেন, ওজোপাডিকোর তৃতীয় শ্রেণির কর্মচারী জসিম হাওলাদার তাঁর সংগঠনের প্রভাব খাঁটিয়ে দীর্ঘদিন ধরে বিদ্যুতের অবৈধ সংযোগ দিয়ে আসছেন।