জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদে অবৈধভাবে ভর্তির আবেদনপত্র জমা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।জানা যায়, গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। তাই শিক্ষার্থীদের ভিড় ছিল বেশি। ফরম জমা নেওয়ার দায়িত্বে থাকা কর্মকর্তারা সাধারণ শিক্ষার্থীদের দীর্ঘ লাইনে দাঁড় করিয়ে রেখে টাকার বিনিময়ে বিভিন্ন কোচিং সেন্টার থেকে আসা আবেদন ফরম জমা নিতে থাকেন। ক্যাম্পাসে কর্মরত কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে গিয়ে এ ঘটনায় জড়িত আবদুল ওহায়েদ, নুরু মিয়া, ফজলুর রহমান ও দিলীপকে হাতেনাতে ধরে ফেলেন। ঢাকা থেকে আসা একটি কোচিং সেন্টারের প্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে জানান, তাঁর কাছ থেকে ৭০০ ফরম জমা নেওয়ার জন্য এক হাজার ৫০০ টাকা নিয়েছেন এক কর্মকর্তা। মানিকগঞ্জ থেকে ফরম জমা দিতে আসা শারমিন সুলতানা বলেন, প্রায় দেড় ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে থেকেও তিনি তা জমা দিতে পারেননি।কলা অনুষদের ডিন অসিত বরণ পাল বলেন, ‘টাকা দিয়ে ফরম জমা দেওয়ার কোনো নিয়ম নেই। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’