অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদর থানার ভোমরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

আজ শনিবার সকাল ছয়টার দিকে ওই নয়জনকে আটক করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। পরে তাঁদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে বিজিবি। অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: নিতাই সমাদ্দার, হরিদাস সমাদ্দার, নিঝুম রায়, রাজীব রায়, মন্টু কুমার, নিখিল বল্লভ, প্রভারঞ্জন বল্লভ, রানু সরকার ও অবলা রানী। তাঁদের সবার বাড়ি বরিশাল জেলার উজিরপুর ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন গ্রামে।
থানায় অবস্থানকালে নিতাই ও হরিদাস বলেন, তাঁরা কাজ করার জন্য দুই দালালের মাধ্যমে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।
সাতক্ষীরা ৩৮ বিজিবির অপারেশন কর্মকর্তা মেজর আহসান হাবিবের ভাষ্য, অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরা ভোমরা ক্যাম্পের বিজিবির সদস্যরা ওই নয়জনকে আটক করেন। পরে তাঁদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়।
ভোমরা ক্যাম্পের বিজিবির সুবেদার নজরুল ইসলামের ভাষ্য, একদল বাংলাদেশি ভারতে যাওয়ার উদ্দেশে ভোমরা সীমান্তের বেড়িবাঁধের ওপর জড়ো হয়েছেন বলে তাঁরা খবর পান। পরে বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে ওই নয়জনকে আটক করে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান বলেন, অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে করা একটি মামলায় ওই নয়জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।