অবৈধভাবে ভারতে যাওয়ার পথে সাতক্ষীরা সীমান্তে আটক ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালো কাজের প্রলোভন দেখিয়ে অবৈধভাবে ভারতে নেওয়ার সময় চার দালালসহ ২০ জনকে আটক করেছেন বিজিবির সদস্যরা। সাতক্ষীরা সদর উপজেলার গাজীপুর সীমান্তের ভাড়ুখালি গ্রাম থেকে গতকাল শনিবার তাঁদের আটক করা হয়।সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের গাজীপুর ক্যাম্পের হাবিলদার বাসারত হোসেন জানান, আটক চার দালাল হলেন: সাতক্ষীরা সদর উপজেলার মোমিন মিয়া ও মিলন মিয়া, কক্সবাজারের টেকনাফ উপজেলার মো. নাছিরউদ্দিন ও হাসেম মিয়া। এ ছাড়া যে ১৬ জনকে ভারতে নেওয়া হচ্ছিল, তাঁরা সবাই কক্সবাজারের উখিয়া উপজেলার জুমাপাড়ার বাসিন্দা। এঁদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। আটক নূর আলম জানান, টেকনাফের হাসেম মিয়া তাঁদের ভারতে ভালো কাজ দেওয়ার প্রলোভন দেখান। পরে প্রত্যেকের কাছ থেকে মাথাপিছু ১৫ থেকে ২০ হাজার টাকা করে নেন। গত শুক্রবার কক্সবাজার থেকে তাঁদের ১৬ জনকে সাতক্ষীরায় এনে মাহমুদপুর এলাকার এক বাড়িতে রাখেন। অপরদিকে দালাল নাছিরউদ্দিন ও হাসেম মিয়া জানান, ভালো চাকরি নয়, পথ খরচ বাবদ তাঁরা টাকা নিয়েছেন। তাঁরা আরও জানান, সাতক্ষীরার মোমিন ও মিলনের মাধ্যমে বিনা পাসপোর্টে ভারতে যাওয়ার জন্য ওই ১৬ জনের সঙ্গে মাথাপিছু চার হাজার টাকা করে চুক্তি হয়। সেই মতো গতকাল ভারতে নিয়ে যাওয়ার সময় বিজিবির সদস্যরা তাঁদের আটক করেন।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোহামঞ্চদ ইব্রাহিম জানান, গাজীপুর ক্যাম্পের হাবিলদার বাসারত হোসেন বাদী হয়ে ২০ জনের নামে মামলা করেছেন। তাঁদের আদালতে পাঠানো হয়েছে।