অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ১৮ জন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে বাংলাদেশি চার শিশুসহ ১৮ নারী-পুরুষকে আটক করা হয়েছে। গতকাল বুধবার ভোরে হিলি সিপি ক্যাম্পের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাঁদের আটক করেন। হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. শহিদুল ইসলাম জানান, ভারতে অবৈধভাবে প্রবেশ করার জন্য ভোরে চার শিশুসহ নারী-পুরুষের একটি দল হিলি সীমান্তের ২৮৫/১৩ সাব সীমানা পিলারের কাছে জড়ো হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা সেখান থেকে তাদের আটক করেন। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন জানান, বিজিবি বাদী হয়ে তাদের বিরুদ্ধে বিনা পাসপোর্টের মাধ্যমে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগ এনে থানায় একটি মামলা করেছে। আসামিদের গতকাল দুপুরেই দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।