অবৈধভাবে ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ছোট পাথরঘাটা দাখিল মাদ্রাসায় অবৈধভাবে সহকারী মৌলভি ও উপজেলা জামায়াতের আমির আবদুল কাদেরকে ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব দেওয়ার অভিযোগ উঠেছে।
সহসুপার সিরাজুল কবির বলেন, ‘চলতি বছরের ৩০ সেপ্টেম্বর মাদ্রাসার সুপার মাকসুদুর রহমান অবসরে যাওয়ায় ১০ অক্টোবর থেকে আমি ভারপ্রাপ্ত সুপারের দায়িত্বে আছি। কিছুদিন ধরে আবদুল কাদেরও নিজেকে ভারপ্রাপ্ত সুপার বলে দাবি করছেন।’
আবদুল কাদের বলেন, ‘কমিটি আমাকে দায়িত্ব দিয়েছে। কিন্তু বর্তমানে সহসুপার দায়িত্বে আছে।’
পাথরঘাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, সুপার মাকসুদুর রহমান অবসরে যাওয়ার পর নিয়ম অনুযায়ী সহসুপার সিরাজুল কবির সুপারের দায়িত্ব পালন করছেন। হঠাৎ গত ৩ ডিসেম্বর মাদ্রাসার সাবেক ব্যবস্থাপনা কমিটির একটি সভায় অবৈধ কার্যবিবরণীর মাধ্যমে সহকারী মৌলভি আবদুল কাদেরকে ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব দেওয়া হয়। এর আইনগত কোনো ভিত্তি নেই।
মাদ্রাসা সূত্র জানায়, মাকসুদুর রহমান গত ৩০ সেপ্টেম্বর অবসরে যাওয়ার পর নিয়ম অনুযায়ী মাদ্রাসার সহসুপার সিরাজুল কবির ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব পান। এর পর থেকে সিরাজুল কবির মাদ্রাসা পরিচালনা করছেন। মাদ্রাসার সাবেক ব্যবস্থাপনা কমিটির মেয়াদ চলতি বছরের ১৫ জুলাই শেষ হয়। এখন পর্যন্ত নতুন কমিটি গঠন করা যায়নি। কিন্তু সাবেক ব্যবস্থাপনা কমিটির ৩ ডিসেম্বরের একটি সভার কার্যবিবরণীর মাধ্যমে আবদুল কাদেরকে ভারপ্রাপ্ত সুপার করা হয়েছে বলে তিনি দাবি করেন। সভার কার্যবিবরণীর বইটিও তিনি নিজের তত্ত্বাবধানে রেখেছেন।
মাদ্রাসার সাবেক ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মজিবর রহমান বলেন, ‘আহ্বায়ক কমিটি গঠন করার কথা বলে ভুল বুঝিয়ে আমার সই নেওয়া হয়েছে। তা ছাড়া ১৫ জুলাই এ কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আমি কেন এ কার্যবিবরণী করব।’
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাখাওয়াত হোসেন সরকার বলেন, ‘ঘটনাটি আমার জানা নেই। তবে সিরাজুল কবির স্বাক্ষরিত একটি অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’