অবৈধভাবে ভূমি কার্যালয়ের জমি ইজারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারার এক ভূমি কর্মকর্তার বিরুদ্ধে তথ্য গোপন করে তাহেরপুর পৌরসভাকে ইউনিয়ন ভূমি কার্যালয়ের জমি অবৈধভাবে ইজারা দেওয়ার অভিযোগ উঠেছে। ভূমি কার্যালয়ের ওই জমিটি খাস দেখিয়ে ইজারা দেওয়া হয়। পরে সেই জমিতে নির্মিত প্রাচীর অপসরাণ করেন ইউএনও। একই সঙ্গে অবৈধভাবে নেওয়া ওই ইজারাও বাতিল করা হয়েছে।
স্থানীয় লোকজন ও উপজেলা ভূমি কার্যালয় সূত্র জানায়, তাহেরপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ের ১৫১৪ দাগের ১০ শতাংশ জমিকে খাস দেখিয়ে তাহেরপুর পৌরসভাকে ইজারা দেওয়া হয়। পৌরসভার উন্নয়নের কথা বলে কোটি টাকা মূল্যের জমিটি মাত্র ৪২০ টাকায় এক বছরের জন্য ইজারা নেওয়া হয়। গত ২৯ এপ্রিল পৌরসভা উপজেলা ভূমি কার্যালয় থেকে ইজারার ডুপ্লিকেট কার্বন রসিদ (ডিসিআর) গ্রহণ করে। ৭ নভেম্বর পৌরসভা ওই জমির চারপাশে ইটের প্রাচীর নির্মাণ করে দখলে নিতে চাইলে বিষয়টি জানাজানি হয়। ওই সময়ে স্থানীয় লোকজন ও ইউনিয়ন ভূমি কার্যালয়ের কর্মকর্তারা ইউএনওকে জানালে তিনি খোঁজখবর নেন। ঘটনার সত্যতা পেয়ে ১০ নভেম্বর তিনি ইজারা বাতিল করেন। পরদিন ১১ নভেম্বর ইউএনও পৌরসভার নির্মাণ করা প্রাচীর অপসারণ করে জায়গাটি দখলমুক্ত করেন।
তাহেরপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, তাঁদের কার্যালয়ের ভেতরের জমিটি দখল করা হয়েছিল। সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্বে থাকা ইউএনও সাদেকুল ইসলাম বলেন, তথ্য গোপন রেখে জায়গাটি ইজারা দেওয়া হয়েছিল। খোঁজ নিয়ে ইজারা বাতিল করে প্রাচীর অপসারণ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ভূমি কার্যালয়ের অফিস সহকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, উপজেলা ভূমি কার্যালয়ের অফিস সহকারী বিষয়টি গোপন রেখে মোটা অঙ্কের টাকার বিনিময়ে খাস জমি হিসেবে উপস্থাপন করে পৌরসভাকে ইজারা দিতে সহযোগিতা করেন বলে অভিযোগ রয়েছে। তদন্তে তথ্য গোপন রাখার সত্যতা পাওয়া গেছে বলে জানান তিনি।
অফিস সহকারী মুনতাজ আলী উৎকোচ নেওয়ার অভিযোগ অস্বীকার করলেও ভূমি কার্যালয়ের জায়গাটি পৌরসভার নামে ইজারা দিতে সহযোগিতার কথা স্বীকার করেছেন। তাহেরপুর পৌর মেয়র আবুল কালাম আজাদ বলেন, ভূমি কার্যালয়ের সামনের জায়গাটিতে নেশাখোরদের আড্ডা বসত। তা ভাঙার জন্যই একসনা ইজারা নেওয়া হয়েছিল।