অবৈধভাবে মজুত করা ইউরিয়া জব্দ, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় অবৈধভাবে মজুত করা ২৪০ বস্তা ইউরিয়া জব্দ এবং মজুতকারী ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুর রহমান গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্য অনুযায়ী এই অভিযান চালানো হয়।
এনএসআইয়ের চুয়াডাঙ্গার উপপরিচালক জাফর ইকবাল জানান, উপজেলা শহরের দত্তনগর সড়কে অবস্থিত সান্ত্বনা এন্টারপ্রাইজে অবৈধভাবে রাসায়নিক সার ইউরিয়া মজুত করে বেশি দামে বিক্রি করা হচ্ছিল। নিশ্চিত হওয়ার পর তাঁরা বিষয়টি ইউএনওকে জানান।
এরপর ইউএনও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং মজুত করা ২৪০ বস্তা ইউরিয়া সার জব্দ এবং মজুতদার আবুল কালাম আজাদকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। আবুল কালাম আজাদ আদালতকে জানান, উত্তরবঙ্গ থেকে তিনি এই সার সংগ্রহ করেছেন। এভাবে সার মজুত করা অপরাধ—বিষয়টি তাঁর জানা ছিল না। জীবননগরের ইউএনও সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।