অবৈধভাবে মাটি কাটার ঘটনা দেখতে গিয়ে হামলার শিকার তিন কর্মকর্তা
গোমতী নদীতে অবৈধভাবে মাটি কাটার ঘটনা পরিদর্শনে গিয়ে হামলার শিকার হয়েছেন কুমিল্লার তিতাস উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল বাশার। গতকাল সোমবার বিকেলে তিতাস উপজেলার কলাকান্দিতে এ ঘটনা ঘটে। হামলায় আহত আবুল বাশারকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী, পুলিশ ও কর্মকর্তারা জানান, বেলা তিনটার দিকে পারভেজ হোসেন সরকার, আমিনুল ইসলাম ও আবুল বাশার তিতাসের ভিটিকান্দি ও নারান্দিয়া ইউনিয়নে শীতের কম্বল বিতরণ করতে যাচ্ছিলেন। পথে স্থানীয় লোকজন তাঁদের গোমতী নদীর কলাকান্দি অংশে ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি কাটার ঘটনা সম্পর্কে অবহিত করে। অবৈধভাবে মাটি কাটা হচ্ছে দেখে এ ব্যাপারে জানতে চাইলে মুরাদনগর উপজেলার হানিফের নেতৃত্বে একদল দুর্বৃত্ত ওই তিন কর্মকর্তার ওপর হামলা করে। এতে হামলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল বাশার গুরুতর আহত হন। হানিফকে স্থানীয় সন্ত্রাসী হিসেবে উল্লেখ করেছে এলাকাবাসী।এ ব্যাপারে গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম বলেন, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে এবং সন্ত্রাসী হামলার ঘটনায় তিতাস থানায় মামলা করা হবে।ঘটনার সত্যতা নিশ্চিত করে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিন্তু সেখানে গিয়ে হামলাকারীদের কাউকে পাওয়া যায়নি। তারা মুরাদনগর এলাকায় চলে গেছে।