অবৈধভাবে মালয়েশিয়া পাঠানোর অভিযোগে দালাল গ্রেপ্তার
অবৈধভাবে লোকজনকে মালয়েশিয়া পাঠানোর অভিযোগে নরসিংদী থেকে কামাল সরকার নামের এক দালালকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের ধনাইয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কামাল সরকার ধনাইয়া গ্রামের গোলাপ সরকারের ছেলে।
পুলিশ জানায়, কামালের তত্ত্বাবধানে উত্তর জয়নগর এলাকার আসাদ মিয়ার ছেলে আবু নাঈম (১৬) অবৈধভাবে ট্রলারে করে সাগরপথে মালয়েশিয়া যাচ্ছিল। আজ সকালে ট্রলারটি সেন্ট মার্টিনের অদূরে বঙ্গোপসাগরে বিকল হয়ে পড়ে। নাঈম তার বাবাকে মোবাইল ফোনে আটকা পড়ার খবর দেয়। নাঈমের বাবা থানা পুলিশকে অবহিত করে লিখিত অভিযোগ দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে কামাল সরকারকে গ্রেপ্তার করা হয়।
নাঈমের বাবা আসাদ মিয়া রাত আটটার দিকে শিবপুর মডেল থানায় প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে না বলে মাছ বিক্রির ৫০ হাজার টাকা নিয়ে নাঈম চলে যায়। এর মধ্যে ছেলের কোনো খোঁজ মেলেনি। আজ দুপুর ১২টার দিকে মোবাইলে নাঈম ফোন করে তাকে বাঁচাতে বলে।
নাঈমের বাবা বলেন, ‘সে আমারে বলছে, আব্বা আমারে বাঁচাও। আমার লগের নৌকার চারজনরে গুলি কইরা মাইরা ফালাইছে। তুমি আমারে বিমান দিয়া আইয়া তাড়াতাড়ি লইয়া যাও।’ তিনি জানান, এরপর নাঈমের মোবাইলের লাইন কেটে যায়। মোবাইলটির সংযোগ বন্ধ আছে।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, উপজেলার উত্তর জয়নগর গ্রামের আসাদ মিয়া নামের একজনের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে দালাল কামাল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।