অবৈধভাবে মালয়েশিয়া যাওয়া ঠেকাতে বিমানবন্দরে অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যটক কিংবা ছাত্র হয়ে অবৈধভাবে কাজের সন্ধানে মালয়েশিয়া না যাওয়ার জন্য বিদেশগামীদের সতর্ক থাকতে বলেছে সরকার। অবৈধ এই তৎপরতা ঠেকাতে এখন থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সক্রিয় থাকবে সরকারের তিনটি পরিদর্শন দল। তারা মালয়েশিয়াগামী কোনো উড়োজাহাজে অবৈধ কোনো যাত্রী পেলে তাঁকে প্রয়োজনে নামিয়ে দেবে।গতকাল বৃহস্পতিবার বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সভা শেষে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, মালয়েশিয়া সে দেশে থাকা অবৈধ বাংলাদেশিদের বৈধতা দেওয়ার ঘোষণা দিয়েছে। এই প্রক্রিয়ার খবর শুনে একশ্রেণীর দালাল লোকজনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে পর্যটক কিংবা ছাত্র বানিয়ে মালয়েশিয়া পাঠাচ্ছে। এভাবে যাঁরা যাচ্ছেন, তাঁরা বৈধ হওয়ার কোনো সুযোগই পাবেন না। কারণ এখন যাঁরা যাচ্ছেন, তাঁদের সবার আঙুলের ছাপ ডেটাবেজে (তথ্যভান্ডারে) সংরক্ষিত থাকছে। কাজেই এভাবে গিয়ে যাঁরা ধরা পড়বেন, তাঁদের কালো তালিকাভুক্ত করে রাখা হবে।