অবৈধভাবে মালয়েশিয়া যাত্রা ৩২ যাত্রী উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়ায় যাওয়ার প্রস্তুতিকালে ৩২ জনকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে দুই দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তাঁরা হলেন জাফর আলম ও মজিবুর রহমান। গতকাল রোববার সকালে চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকার হোটেল সারিকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে চান্দগাঁও থানার পুলিশ।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুর রউফ প্রথম আলোকে বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে হতদরিদ্র লোকজনকে এনে হোটেলে রাখা হয়েছে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। ৩২ জনকে উদ্ধার করা হয়। তারা স্বীকার করে, ধার করে দালাল চক্রের হাতে লাখের ওপর টাকা তারা তুলে দেয়। গতকাল নগরের তৃতীয় কর্ণফুলী সেতু এলাকা দিয়ে তাদের জাহাজে করে টেকনাফে পাঠানোর কথা ছিল। সেখান থেকে তাদের মালয়েশিয়ায় পাঠানোর প্রস্তুতি ছিল দালালদের।
এ ঘটনায় চান্দগাঁও থানায় মামলা হয়েছে বলে জানান ওসি। গ্রেপ্তার দুই দালাল রোহিঙ্গা। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।