অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা, আটক ১৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ পৌর এলাকার একটি আবাসিক হোটেল থেকে গতকাল বুধবার ১৭ জনকে আটক করেছে পুলিশ। তারা সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশ্যে সেখানে জড়ো হয় বলে অভিযোগ উঠেছে।টেকনাফ মডেল থানা সূত্রে জানা যায়, টেকনাফ পৌর এলাকার অলিয়াবাদ জিরো পয়েন্টের আবাসিক হোটেল আল-সাঈফে দুপুরের দিকে অভিযান চালিয়ে বিভিন্ন কক্ষ থেকে ১৭ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ১২ জনের বাড়ি যশোরে। অন্যদের বাড়ি বগুড়ায়। তবে এ সময় দালাল চক্রের কাউকে আটক করা সম্ভব হয়নি।আটক ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, জনপ্রতি এক লাখ ৭০ হাজার থেকে এক লাখ ৮০ হাজার টাকার বিনিময়ে মালয়েশিয়ায় যাওয়ার জন্য তারা যশোরের মো. রাজু ও ঢাকার মো. বাবু নামের দুই দালালের সঙ্গে চুক্তিবদ্ধ হয়। দালালদের জনপ্রতি ১০ থেকে ২০ হাজার টাকাও অগ্রিম দেওয়া হয়। বাকি টাকা মালয়েশিয়ায় পৌঁছানোর পর ওই দালালের নিয়োজিত ব্যক্তির হাতে দেওয়ার কথা ছিল। আটক ব্যক্তিরা আরও জানায়, দালালেরা মোট ৩০ জনকে গত মঙ্গলবার সকালে কক্সবাজার শহরে নিয়ে আসে। সেখান থেকে শফিক আহমদ নামের এক ব্যক্তি বাসযোগে টেকনাফে এনে এই আবাসিক হোটেলে রাখে। গতকাল পুলিশ তাদের ১৭ জনকে ওই হোটেল থেকে আটক করে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই হোটেলের মালিক আজিজুল হক ও ব্যবস্থাপক মো. শফিককে আটক করে।