অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা, আটক ২৫
সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় যেতে গিয়ে ২৫ ব্যক্তি পুলিশের হাতে আটক হয়েছেন। এর মধ্যে ১১ জন মিয়ানমারের নাগরিক। গতকাল সোমবার কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়। তবে দালালচক্রের কেউ আটক হয়নি।আটক ব্যক্তিরা জানান, জনপ্রতি ৩০ থেকে ৫০ হাজার টাকার বিনিময়ে মালয়েশিয়ায় পৌঁছে দেওয়ার জন্য তাঁরা মৌলভি আবদুর রহিম নামের এক দালালের সঙ্গে চুক্তিবদ্ধ হন। এ জন্য ওই দালালকে তাঁরা জনপ্রতি ২০ থেকে ৩০ হাজার টাকা করে অগ্রিম দিয়েছেন। বাকি টাকা মালয়েশিয়ায় পৌঁছানোর পর ওই দালালের নিয়োজিত ব্যক্তির হাতে দেওয়ার কথা ছিল।আটক ব্যক্তিরা আরও জানান, ওই দালালের ব্যবস্থাপনায় তাঁরা কয়েক দিন আগে কক্সবাজারের ঈদগাঁ উপজেলার চৌফলদণ্ডী ঘাট থেকে একটি ট্রলারে করে মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেন। কয়েক দিন সাগরে ঘোরানোর পর গতকাল সকালে একটি পাহাড় দেখিয়ে ট্রলারের মাঝি তাঁদের বলেন, তাঁরা মালয়েশিয়ায় পৌঁছে গেছেন। এ সময় তাঁদের ট্রলার থেকে নেমে যাওয়ার জন্য বলা হয়। তাঁরা ট্রলার থেকে সাগরের পানিতে ঝাঁপ দিয়ে সাঁতরে কূলে ওঠার চেষ্টা করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সবাই পালাতে শুরু করেন। কিন্তু ২৫ জন ধরা পড়েন।বাহারছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুল্লাহ বলেন, সকালের দিকে সাগরে একটি ট্রলার নোঙর করতে দেখে স্থানীয় লোকজন তাঁকে অবহিত করে। পরে তিনি পুলিশকে বিষয়টি জানান।জেলা পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি দালালচক্রের সদস্যদের আটক করার চেষ্টা চলছে।