অবৈধভাবে মুক্তিযোদ্ধা ভাতা!
রাজশাহীর বাগমারা উপজেলার ১৫ জনের বিরুদ্ধে নীতিমালা লঙ্ঘন করে মুক্তিযোদ্ধার ভাতা গ্রহণের অভিযোগ পাওয়া গেছে। তাঁদের অমুক্তিযোদ্ধা আখ্যায়িত করে ভাতা বন্ধের দাবি জানানো হয়েছে। এক মুক্তিযোদ্ধা এ-সংক্রান্ত একটি লিখিত অভিযোগ সম্প্রতি বিভিন্ন দপ্তরে পাঠিয়েছেন। তবে অভিযুক্তরা নিজেদের প্রকৃত মুক্তিযোদ্ধা বলে দাবি করেছেন। উপজেলার নাজিরপুর গ্রামের মুক্তিযোদ্ধা আবদুস সামাদ প্রামাণিকের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর লিখিত অভিযোগ থেকে জানা যায়, বাগমারার ১৫ ব্যক্তি গত চারদলীয় জোট ও বর্তমান সরকারের আমলে মন্ত্রণালয়ের নীতিমালা লঙ্ঘন করে নিজেদের নাম মুক্তিযোদ্ধার মাসিক ভাতা তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। তাঁরা হলেন: ঝিকড়ার কিয়ামতুল্লাহ, আকবর আলী, আবদুস সামাদ (১), আবদুস সামাদ (২), আবদুল হামিদ, রায়সেনপাড়ার আবদুল জলিল, তেগাছিসেনপাড়ার মতিয়ার রহমান, শান্তপাড়ার আমজাদ হোসেন, চন্দ্রপাড়ার আবদুর রহমান মৃধা, অর্জুনপাড়ার সোলাইমান আলী, অভ্যাগতপাড়ার দেলোয়ার হোসেন, রামরামার আনিছুর রহমান, বাজেগোয়ালকান্দির ইয়াছিন আলী, বিপ্রকয়ার মফিজ উদ্দিন এবং চানপাড়ার আক্কাছ আলী। ভাতাপ্রাপ্তরা গত বছর মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনে তালিকায় নাম না থাকার কারণে ভোটও দিতে পারেননি। বিগত চারদলীয় জোট সরকার ও বর্তমান মহাজোট সরকারের আমলে তাঁরা ভাতার তালিকাভুক্ত হয়েছেন। এর মধ্যে চারদলীয় সরকারের আমলে ছয়জন এবং বর্তমান সরকারের আমলে নয়জন। অভিযোগকারী মুক্তিযোদ্ধা আবদুস সামাদ জানান, উভয় সময়ে তাঁরা রাজনৈতিক বিবেচনায় সংসদের কমান্ডারদের সুপারিশের কারণে ভাতার তালিকাভুক্ত হয়েছেন। বিধি অনুসারে তাঁদের নাম দুই তালিকায় না থাকলেও তাঁদের কারণে ভাতার সুবিধা পেয়ে আসছেন। গত ২০০২ সেপ্টেম্বর মাসে প্রকাশিত মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা কার্যক্রম ও প্রার্থী বাছাইয়ের সংশোধিত নীতিমালার ৫ নম্বর ধারার ‘ক’-এর (২) উপধারায় বলা হয়েছে, ‘এ পর্যন্ত জাতীয়ভাবে প্রস্তুত চারটি তালিকার মধ্যে যাঁদের নাম কমপক্ষে দুটি তালিকায় অন্তর্ভুক্ত আছে, কেবল তাঁরাই ভাতাপ্রাপ্তির আওতায় আসবেন।’ বিগত চারদলীয় সরকারের আমলে কমান্ডারের দায়িত্ব পালন করা বিএনপির নেতা রফিকুল ইসলাম তাঁর সময়ে অবৈধভাবে ছয়জনের ভাতা পাওয়া প্রসঙ্গে বলেন, ‘আমি ওই কমিটির সদস্য ছিলাম। সরকারি কর্মকর্তারা সভাপতি ও সদস্য সচিব ছিলেন। আইন তাঁরাই ভালো জানেন। আমি প্রকৃত মুক্তিযোদ্ধার কারণে তাঁদের নাম দিয়েছি। চূড়ান্ত করার দায়িত্ব তাঁদের। অনিয়ম হয়েছে কি না, তা আমি বলতে পারব না।’ বর্তমান কমান্ডার উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক সাহার আলী জানান, কোনো অনিয়ম হয়নি। সংবিধান অনুযায়ী তাঁদের নাম তালিকাভুক্ত করা হয়েছে।অভিযুক্ত মুক্তিযোদ্ধাদের মধ্যে কিয়ামতুল্লাহ, সোলাইমান আলী নিজেদের নাম এক তালিকায় থাকার কথা স্বীকার করে বলেন, আমরা প্রকৃত মুক্তিযোদ্ধা। অভিযুক্ত অন্যরাও একই দাবি করেন।