অবৈধভাবে যাওয়া ৪৮ বাংলাদেশিকে ফেরত পাঠাল স্পেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে যাওয়া ৪৮ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে স্পেন। গতকাল শুক্রবার তাঁরা দেশে ফিরেছেন। স্পেনের পুলিশ কয়েক দিন আগে কোনো কাগজপত্র না পেয়ে তাঁদের আটক করে। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ বুর্যোর (বিএমইটি) বিমানবন্দরের কল্যাণ ডেস্কের উপসহকারী পরিচালক মাহমুদুল্লাহ আকন্দ প্রথম আলোকে জানান, স্পেন থেকে গতকাল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন ওই ৪৮ বাংলাদেশি। বিমানবন্দরের অভিবাসন পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) শামসুজ্জামান প্রথম আলোকে জানান, ওই ৪৮ জনের কারও কাছেই কোনো পাসপোর্ট ছিল না। আউটপাস নিয়ে তাঁদের পাঠানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে স্পেনের পুলিশ কাগজপত্র ছাড়া ৫১ জনকে আটক করে। তাঁদের মধ্যে ৪৯ জন বাংলাদেশি। পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি জানানোর পর তাঁদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। বিদেশে ভালো চাকরি দেওয়ার কথা বলে তাঁদের অবৈধভাবে স্পেনে নেওয়া হয়েছিল বলে জানা গেছে।