অবৈধভাবে রাখা ৪০০ বস্তা সার নিলামে বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় গতকাল রোববার অবৈধভাবে রাখা উদ্ধার করা ৪০০ বস্তা টিএসপি ও এমওপি সার প্রকাশ্যে নিলামে বিক্রয় করা হয়েছে। ব্রাহ্মণপাড়া বাজারের খুচরা সারের ডিলার আবদুল কুদ্দুছের ঘর থেকে এই সার আটক করা হয়।বিধিবহির্ভূতভাবে ৪০০ বস্তা সার রাখার দায়ে আবদুল কুদ্দুছের জামানতের টাকা বাজেয়াপ্ত ও তাঁর লাইসেন্স বাতিল করা হয়।জানা গেছে, ব্রাহ্মণপাড়া বাজারের খুচরা সার বিক্রেতা মো. আবদুল কুদ্দুছ অবৈধভাবে তাঁর দোকানে ৩০০ বস্তা টিএসপি ও ১০০ বস্তা এমওপি সার রাখেন। গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান ৯ জানুয়ারি ৪০০ বস্তা সার উদ্ধার করেন। উপজেলা কৃষি অফিসের মাধ্যমে গতকাল উপজেলার বিসিআইসি ডিলারদের মাধ্যমে নিলাম ডাকা হয়। সর্বোচ্চ দরদাতা সাহেবাবাদ বাজারের মেসার্স শিমুল ট্রেডার্সের মালিক মো. নজরুল ইসলামকে কমিটির সিদ্বান্তে উদ্ধার করা সার দেওয়া হয়।উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান বলেন, খুচরা বিক্রেতা হয়ে বরাদ্দ বহির্ভূত সার রাখার কারণে ব্রাহ্মণপাড়া বাজারের খুচরা সারের ডিলার মো. আবদুল কুদ্দুছের দোকান থেকে ৪০০ বস্তা সার আটক করা হয়। আটক করা সার কমিটির মাধ্যমে নিলামে বিক্রয় করা হয়। বরাদ্দ বহির্ভূতভাবে সার রাখার কারণে তার সারের ডিলারশিপ বাতিল ও জামানতের টাকা বাজেয়াপ্ত করা হয়।