অবৈধভাবে রাসায়নিক বিক্রির দায়ে কারাদণ্ড
অবৈধ ও অনুমোদনহীনভাবে রাসায়নিক দ্রব্য বিক্রির অপরাধে রাজধানীর মিটফোর্ড এলাকার চার ব্যবসায়ীকে কারাদণ্ড এবং সাতটি প্রতিষ্ঠানকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড দেন। সারওয়ার আলম প্রথম আলোকে বলেন, বিভিন্ন সময় গ্রেপ্তার হওয়া জঙ্গিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা মিটফোর্ড এলাকার কিছু দোকান থেকে অবৈধভাবে রাসায়নিক সংগ্রহ করত। পরে এসব রাসায়নিক পদার্থ দিয়ে বোমাসহ বিভিন্ন বিস্ফোরক বানানো হতো।
আদালতের দণ্ড সম্পর্কে র্যাব জানিয়েছে, অনুমোদনহীনভাবে বিস্ফোরক পদার্থ রাখা ও বিক্রির দায়ে মিটফোর্ডের মমতাজ মার্কেটের আজাদ কেমিক্যাল কোম্পানির মালিক খোকন মিয়া ও রনিকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং নিয়মবহির্ভূতভাবে বিস্ফোরক ও অ্যাসিড বিক্রি করায় আরমানিটোলার রূপসা কেমিক্যাল ওয়ার্কসের মালিক নাহিদ ও নূরুজ্জামানকে এক বছর করে কারাদণ্ড এবং এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক নজরুলকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।