অবৈধভাবে রেক্টিফায়েড স্পিরিট তৈরির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর ডিস্টিলারিজ কোম্পানি অবৈধভাবে রেক্টিফায়েড স্পিরিট উৎপাদন করে দেশের বিভিন্ন স্থানে মদের উপাদান হিসেবে সরবরাহ করছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপুর কার্যালয়ের কিছু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশ রয়েছে বলে অভিযোগে বলা হয়। গত বুধবার সন্ধ্যা থেকে গতকাল বৃহস্পতিবার ভোর পর্যন্ত রংপুরের শ্যামপুরে ওই কোম্পানির কারখানায় অভিযান চালিয়ে ২৩ হাজার ৮০০ লিটার রেক্টিফায়েড স্পিরিট উদ্ধার করেন পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্যরা। এ সময় ওই কোম্পানির কর্মচারী মো. হাফিজুর রহমান এবং প্রহরী শাহাদত হোসেন, আবদুর রহমান ও মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়।এ ঘটনায় পুলিশের গোয়েন্দা বিভাগের উপপরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম বাদী হয়ে বদরগঞ্জ থানায় ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন। গ্রেপ্তার হওয়া ওই চারজন ছাড়া অন্য দুই আসামি হলেন রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ের তত্ত্বাবধায়ক আবদুল জলিল মণ্ডল ও ডিস্টিলারিজ কোম্পানির ব্যবস্থাপক (প্রকল্প) আবদুল হালিম। তাঁরা পলাতক।কোতোয়ালি থানার পুলিশ সূত্রে জানা গেছে, ১৯ ফেব্রুয়ারি ট্রাকে করে পাচারের সময় রংপুর শহরের সুলতানের মোড় এলাকা থেকে ওই কোম্পানির ১৫ ব্যারেল রেক্টিফায়েড স্পিরিট উদ্ধার করে পুলিশ। এ ঘটনায়ও আবদুল জলিল, আবদুল হালিমসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশের গোয়েন্দা বিভাগের ভাষ্য, ১৯৮৭ সালে স্থাপিত ওই কারখানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে রেক্টিফায়েড স্পিরিট উৎপাদন করা হচ্ছে। পরে ওই স্পিরিট দেশের বিভিন্ন স্থানে মদ বা মদের উপাদান হিসেবে পাচার করা হয় বলে অভিযোগ রয়েছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বুধবার রাত থেকে অভিযান শুরু হয়। এক সপ্তাহের ব্যবধানে দুটি ঘটনার পর কোম্পানির মহাব্যবস্থাপক (জিএম) মোহন মদন শাহ পলাতক বলে সূত্র জানায়। রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ের উপপরিচালক রবিউল ইসলাম অসুস্থতাজনিত কারণে ছুটিতে থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।ওই কার্যালয়ের তত্ত্বাবধায়ক নূর ইসলাম প্রথম আলোকে বলেন, নিয়ম অনুযায়ী রংপুর ডিস্টিলারিজ কোম্পানির কারখানায় বার্নিশের জন্য ডিনেসার স্পিরিট তৈরি করার কথা। এই স্পিরিট তৈরির জন্য প্রথমে রেক্টিফায়েড স্পিরিট তৈরি করতে হয়। এরপর তা ডিনেসার স্পিরিটে রূপান্তর করা হয়। এসব দেখাশোনার জন্য সেখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে একজন তত্ত্বাবধায়ক, দুজন পরিদর্শক ও দুজন রক্ষী আছেন।