অবৈধভাবে রেলের জমি ইজারা, কর্মকর্তাকে কারণ দর্শাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে রেলের জমি ইজারা দেওয়া এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগে রেলমন্ত্রীর নির্দেশে পাকশী বিভাগীয় রেলওয়ে ভূসম্পত্তি কর্মকর্তা (ডিইও) কিরণ চন্দ্র রায়কে গতকাল রোববার কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে। তাঁকে তিন দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। পাকশী বিভাগীয় রেল কার্যালয় সূত্রে জানা যায়, গত শনিবার কুষ্টিয়া কোর্ট স্টেশনে আকস্মিক পরিদর্শনে গেলে রেলমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে সেখানে উপস্থিত জনগণ কুষ্টিয়া কোর্ট স্টেশনের মাস্টার মহসিন আলী ও পাকশী বিভাগীয় রেলওয়ে ভূসম্পত্তি কর্মকর্তা কিরণ চন্দ্র রায়ের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তোলেন। এসব অনিয়মের মধ্যে রয়েছে কুষ্টিয়ার ভেড়ামারা থেকে খোকসা পর্যন্ত রেলওয়ের বিভিন্ন জায়গা অবৈধভাবে ইজারা প্রদান এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া। অভিযোগ শুনে মন্ত্রী ওই দুই কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিতে রাজশাহী পশ্চিমাঞ্চল রেলের মহাপরিচালক ফেরদৌস আলমকে নির্দেশ দেন। পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) পঙ্কজ কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।