বিএনপির জ্যেষ্ঠ নেতা নজরুল ইসলাম খান বলেছেন, অবৈধভাবে সরকার উত্খাতের আগ্রহ আর কারও থাকলেও তাঁর দলের নেই। গতকাল রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ কথা বলেন।
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী তাঁতী দল এই আলোচনার আয়োজন করে।
শনিবার এক আলোচনা সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছিলেন, এখন আর নির্বাচনের মাধ্যমে বা বৈধ পথে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা সম্ভব নয়।
নজরুল ইসলাম বলেন, ‘আমরা সরকারের পতন চাই। সবার অংশগ্রহণে নির্বাচনের মাধ্যমে জনগণের সত্যিকারের প্রতিনিধিদের দ্বারা সরকার প্রতিষ্ঠিত হোক, এটা চাই।...অবৈধভাবে যারা ক্ষমতায় এসেছে, বিএনপি কখনো তাদের সমর্থন করেনি। বরং এরশাদ যখন ক্ষমতা দখল করেন, তখন শেখ হাসিনা বলেছিলেন, “আই অ্যাম নট আনহ্যািপ”। এক-এগারোর সরকারকেও প্রত্যক্ষভাবে স্বাগত জানিয়েছিল আওয়ামী লীগ।’ সভায় জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন প্রমুখ বক্তব্য দেন।
বিএনপি নেতাকে বহিষ্কার: নারায়ণগঞ্জের বন্দর থানা বিএনপির সভাপতি নুরুদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে৷