অবৈধভাবে সিম কার্ড বিক্রি করলে কঠোর আইনি ব্যবস্থা
বিধি ভেঙে অপ্রাপ্তবয়স্কদের কাছে মুঠোফোনের সিম কার্ড বিক্রি, মুঠোফোনের মাধ্যমে চাঁদাবাজি, মেয়েদের উত্ত্যক্ত করা এবং অন্যান্য অপকর্মের প্রমাণ মিললে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ‘টেলিফোন ও মুঠোফোনে হুমকি ও চাঁদাবাজি’ বিষয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, মুঠোফোন কোম্পানিগুলো প্রায় ৭২১ ডিস্ট্রিবিউটর ও এক লাখ ৮৫ হাজার ১০০ খুচরা সিম কার্ড ব্যবসায়ীর তালিকা বিটিআরসির কাছে জমা দিয়েছে। এই তালিকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেওয়া হবে। এর বাইরে কেউ অবৈধভাবে সিম কার্ড বিক্রি করলে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরদের মামলা করার নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।মন্ত্রী আরও বলেন, সরকার মুঠোফোনে চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম রোধে ব্যবস্থা নেবে। তিনি জানান, মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো এ ব্যাপারে বিভিন্ন তথ্য দিয়ে সরকারকে সহায়তা করছে।বৈঠকে মুঠোফোনের অপব্যবহার রোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বাংলাদেশ টেলিভিশনে প্রচারণা চালানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানানো হয়।