অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ১৩ ব্যক্তি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধপথে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে পাঁচ ভারতীয়কে ও ভারতে গিয়ে দেশে ফেরার পর দিনাজপুরের হিলি সীমান্তে আট বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল শনিবার বেলা তিনটায় হিলি টেম্পোস্ট্যান্ড এলাকায় পাঁচ ভারতীয়কে ও গত শুক্রবার রাত ১১টার দিকে হিলি সীমান্তের ফকিরপাড়া মহল্লা থেকে আট বাংলাদেশিকে আটক করা হয়। পাঁচ ভারতীয়কে ফেরত দেওয়ার বিষয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) চিঠি দেওয়া হয়েছে। বাংলাদেশিদের হাকিমপুর থানায় সোপর্দ করে বিজিবি বাদী হয়ে মামলা করেছে।
আটক ভারতীয়রা হলেন দক্ষিণ দিনাজপুরের তপন থানার কাওলী গ্রামের লিচু রায় (৩০), তাঁর স্ত্রী কাজলী রায় (২৬), তাঁদের দুই মেয়ে লিপি রায় (৪) ও পপি রায় (২) এবং লিচু রায়ের ফুফাতো ভাই শিবেন রায় (৪৫)।
লিচু রায় সাংবাদিকদের জানান, তাঁরা দালালের মাধ্যমে হিলি সীমান্ত দিয়ে হিলিতে আসেন। দিনাজপুরে আত্মীয়ের বাড়ি যাওয়ার সময় বিজিবি সদস্যরা তাঁদের আটক করেন।
আটক বাংলাদেশিরা হলেন কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বেপারিতারি গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী হালানি খাতুন (৪৫) ও তাঁর দুই ছেলে হাসান (১২), হাফিজুল (৭), শাহবাজার গ্রামের মনি বর্মণের ছেলে কার্তিক বর্মণ (৩৪) ও তাঁর মেয়ে অঞ্জনা (৭), কুঠির চন্দ্রখানা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে ফরজ আলী (৩৪) এবং বড়লোহি গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে শহিদুল ইসলাম (৩২) এবং নাগেশ্বরী উপজেলার ধনিগাগলা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আবদুল লতিফ (৩৮)।
কার্তিক বর্মণ ও আবদুল লতিফ জানান, তাঁরা দুই বছর আগে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে ভারতের দিল্লিতে ইটভাটায় কাজ করতে গিয়েছিলেন। দেশে ফিরতে চাইলে দালালেরা তাঁদের হিলি সীমান্ত দিয়ে পার করে দেয়।
৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফজলুল হক জানান, আটক ভারতীয়দের ফেরত পাঠানোর জন্য বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। আর আট বাংলাদেশিকে হাকিমপুর থানায় সোপর্দ করে বিজিবি বাদী হয়ে মামলা দিয়েছে।