কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, খালেদা জিয়াকে কথিত লিজ দলিলের ভিত্তিতে অবৈধভাবে সেনাবাহিনীর জায়গায় বাড়ির বরাদ্দ দেওয়া হয়েছিল, যা সম্পূর্ণ অবৈধ। আদালত ৩০ দিনের মধ্যে বাড়ি ছাড়ার নির্দেশ দিয়েছেন। ক্ষমতায় থাকলেই জনগণের সম্পত্তি বা সেনাবাহিনীর সম্পত্তি দখল করে রাখা যায় না। আদালতের মাধ্যমে তাই প্রমাণিত হয়েছে।গতকাল শুক্রবার শেরপুরের নালিতাবাড়ী পৌরসভার কাচারীপাড়া পূজামণ্ডব পরিদর্শনের পর শুভেচ্ছা বক্তব্যে তিনি এ কথা বলেন। পরে কৃষিমন্ত্রী উপজেলার আরও ছয়টি পূজামণ্ডব পরিদর্শন করেন।মতিয়া চৌধুরী বলেন, তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তার ক্ষমতার অপব্যবহার করে, আইনের কোনো তোয়াক্কা না করেই ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর জায়গায় অবৈধভাবে খালেদা জিয়াকে বাড়ির জায়গা বরাদ্দ দিয়েছিলেন, যা সংবিধানসম্মত ছিল না। কৃষিমন্ত্রী বলেন, শেখ হাসিনা সফলভাবে দেশ পরিচালনা করায় বিরোধী দল দিশেহারা হয়ে পড়েছে। তাই তারা দিগ্বিদিক হারিয়ে বিডিআর বিদ্রোহ, নাটোরের হত্যা, কুমিল্লায় সশস্ত্র হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায়। কৃষিমন্ত্রীর দুর্গাপূজা পরিদর্শনের সময় জেলা প্রশাসক মো. নাছিরুজ্জামান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আনিসুর রহমান, নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ায়ম্যান বদিউজ্জামান বাদশা, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলিম উকিল প্রমুখ উপস্থিত ছিলেন।