অবৈধভাবে ২০ হাজার গাছের ডাল কর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়ম লঙ্ঘন করে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ভোলা-ভেলুমিয়া সড়কের দুই পাশ থেকে প্রায় ২০ হাজার গাছের ডালপালা কেটে ফেলেছে। মাঝ বরাবর কাটার কারণে অনেক গাছ মরে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ২০০১ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও স্থানীয় লোকজন এই গাছগুলো লাগিয়েছিল।এলজিইডি ভোলা কার্যালয়ের জ্যেষ্ঠ প্রকৌশলী আবদুস সালাম জানান, নিয়ম অনুযায়ী প্রথমে গাছ কাটার জন্য এলজিইডির কার্যালয়ে চিঠি পাঠিয়ে অনুমতি নিতে হয়। ওই চিঠি পেলে এলজিইডি বিষয়টি বন বিভাগকে জানাবে। কিন্তু পল্লী বিদ্যুৎ এই নিয়ম লঙ্ঘন করে গাছগুলোর ডালপালা কেটে ফেলেছে। এসবের মধ্যে নারকেল, সুপারি, মেহগনি, রেইনট্রি, আকাশমনিসহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। গত নভেম্বর মাস থেকে পল্লী বিদ্যুৎ শ্রমিক নিয়োগ করে গাছের ডালপালা কাটা শুরু করে।শাজাহান বাজার এলাকার আবদুস সালাম জানান, কাউকে কিছু না জানিয়েই পল্লী বিদ্যুৎ সাধারণ মানুষের গাছ ইচ্ছেমতো কেটে ফেলছে। কেউ প্রতিবাদ করলে তাদের মারতে আসছে। মামলার ভয় দেখাচ্ছে।ভোলার বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মিজানুর রহমান বলেন, পল্লী বিদ্যুৎ ইচ্ছে করলেই গাছ কাটতে পারে না। গাছ কাটার আগে বন বিভাগের অনুমতি নেওয়া দরকার। কোন গাছ কতটুকু কাটলে গাছের ক্ষতি হবে না এবং পল্লী বিদ্যুতেরও উপকার হবে তা বন বিভাগের লোকজন বলতে পারবেন। কিন্তু পল্লী বিদ্যুৎ বন আইনের তোয়াক্কা না করে ইচ্ছেমতো গাছ কাটছে।ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির ব্যবস্থাপক সোহরাব আলী বিশ্বাস বলেন, ‘আমরা যেভাবে কাটি তাতে গাছ মরে না, বরং না কাটলে মরে যাবে।’ গাছ কাটার আগে অনুমতি নেওয়ার প্রয়োজনীয়তার কথা স্বীকার করে তিনি বলেন, ‘ভোলায় ২৪৭টি গ্রাম। সবাইকে জানানো সম্ভব নয়। তবে গাছের মালিক যদি প্রতিষ্ঠান হয় তাদের এবং বন বিভাগকে আমরা সাধারণত চিঠি দিই। তবে এবার কেন দেওয়া হয়নি তা জানা নেই।’