২৫ ফুট দৈর্ঘ্য আর ১০ ফুট প্রস্থের একটি টিনের ঘর। তার মধ্যে তিনটি বুথ। তিনটি বুথের ৬০ জন পোলিং এজেন্ট এবং নির্বাচন পরিচালনার অন্য কর্মকর্তারা মিলে ৮০ জনের মতো গাদাগাদি হয়ে বসে আছেন। জায়গা না পেয়ে কেন্দ্রের বাইরে ফাঁকা জায়গায় বসে আছেন প্রিসাইডিং অফিসার ফরিদপুরের ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম তুহীনুর আলম।গতকাল বেলা ১১টার দিকে ভাঙ্গা পৌরসভার হোগলাকান্দি এবতেদায়ি মাদ্রাসা কেন্দ্রের চিত্র এটি। হতাশ হয়ে ইউএনও তুহীনুর আলম বললেন, ‘ভোট গ্রহণের কোনো পরিবেশই নেই এখানে।’ওই কেন্দ্রের ভোটার লিয়াকত হোসেন (৫৫) বলেন, ‘ভোট দিতে আইসা কষ্টের মধ্যে পড়ছি। যে ভিড়, তাতে দম বন্ধ হয় যাওয়ার জোগাড় হইছে!’পাশের নূরপুর যুব উন্নয়ন কেন্দ্রের চারটি বুথের কোনোটিতেই পোলিং এজেন্টদের বসার জায়গা ছিল না। তাঁদের বসার জায়গা ছিল কেন্দ্রের পাশের রাস্তার ওপর। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে অবস্থিত আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে ভোটার ছিল দুই হাজার ৪৬৩ জন। এখানে ভোট নেওয়া হচ্ছিল অত্যন্ত ঢিমেতালে। সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে সাড়ে নয়টা পর্যন্ত একটি বুথে মাত্র ৩০ জন ভোট দিতে পারেন। সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার মোশাররফ মুন্সী (৫০) জানান, ‘ভোটের বই শেষ হইয়া গেছে বইলা ভোট নেওয়া বন্ধ হইছে। তাই বুথের মধ্যে ঢুকতে দিতেছে না।’সকাল ১০টার দিকে ছিলাধরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমকে জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির নির্বাহী সদস্য ও ভাঙ্গার কাউলীবেড়া ইউনিয়নের ভোটার দীপক মজুমদারকে নিয়ে একটি গাড়ি থেকে নামতে দেখা যায়। পৌরসভার ভোটার নন, এমন একজন রাজনৈতিক নেতাকে নিয়ে নিজ গাড়িতে করে নির্বাচনী কেন্দ্র পরিদর্শন প্রসঙ্গে ডিবি কর্মকর্তা মাহবুব বলেন, ‘তাঁকে নিয়ে আর আমার গাড়িতে ঘুরব না।’ চৌধুরীকান্দা স্বল্পব্যয়ী গ্রামীণ প্রাথমিক বিদ্যালয়ের ভোটার মালেক মোল্লা (৭৫) তাঁর নাতি ফারুকের কোলে চড়ে গতকাল সকালে ভোট দিতে আসেন। তিনি বলেন, ‘ভোটের অনেক দাম। তাই কষ্ট কইরাও ভোট দিতে আইছি। ’ওই কেন্দ্রের সামনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর সমর্থনে প্রচারের অভিযোগে গতকাল সকাল সাড়ে নয়টার দিকে পুলিশ তিন যুবককে গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের তিনজনকে ২০ হাজার করে টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী জয়ী: ভাঙ্গা পৌরসভার মেয়র পদে বর্তমান মেয়র আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আবু ফয়েজ মো. রেজা ছয় হাজার ৬৯১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত প্রার্থী আবু জাফর মুন্সী পেয়েছেন চার হাজার ৯৮২ ভোট।