অব্যবস্থাপনায় চিকিৎসাবর্জ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় সরকারি-বেসরকারি হাসপাতাল ও রোগনির্ণয় কেন্দ্রের একটিরও নিজস্ব বর্জ্যব্যবস্থপনা নেই। শোধন বা বিনষ্ট না
করেই এসব বর্জ্য আশপাশের আস্তাকুঁড়ে ফেলা হচ্ছে। এতে পরিবেশ দূষিত হচ্ছে। হুমকিতে পড়েছে জনস্বাস্থ্য।
খোঁজ নিয়ে জানা গেছে, নিয়ম থাকলেও চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এবং আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ বর্জ্যব্যবস্থাপনার ব্যাপারে এখনো পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেয়নি। এই ছাড়পত্র ছাড়াই জেলায় ৭৬টি বেসরকারি চিকিৎসাকেন্দ্র (ক্লিনিক) ও রোগনির্ণয় কেন্দ্র চালু রয়েছে।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার প্রায় ১৫ লাখ মানুষের জন্য চুয়াডাঙ্গার ১০০ শয্যার সদর হাসপাতাল, ৫০ শয্যার তিনটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদরে ১০ শয্যার মা ও শিশুমঙ্গল কেন্দ্র রয়েছে। সরকারি এসব প্রতিষ্ঠানে নিয়মিত ছোট-বড় অস্ত্রোপচারে প্রতিদিনই বিপুল পরিমাণ চিকিৎসাবর্জ্য জমে। এর বাইরে বেসরকারি ৪০টি ক্লিনিক ও ৩৬টি রোগনির্ণয় কেন্দ্রেও একইভাবে বর্জ্য জমে। অথচ কোনোটিতেই বর্জ্য শোধন বা বিনষ্ট করার উদ্যোগ চোখে পড়ে না।
খোঁজ নিয়ে জানা গেছে, এসব চিকিৎসাপ্রতিষ্ঠানে মানবদেহ ও পরিবেশের জন্য ক্ষতিকর অনেক বর্জ্য হয়। এর মধ্যে রয়েছে সংক্রামক বর্জ্য, রক্ত, ব্যবহৃত গজ, ব্যান্ডেজ, তুলা, স্পঞ্জ, সোয়াব, মব, প্লাস্টার, ক্যাথেটার, ড্রেনেজ টিউব, রক্ত সঞ্চালনের টিউব, স্যালাইন ব্যাগ, জমাটবাঁধা রক্ত, ডায়েরিয়া রোগীর সংক্রমিত কাপড়চোপড় ও সিরিঞ্জ। এ ছাড়া মানবদেহের কেটে ফেলা অঙ্গপ্রত্যঙ্গ, টিস্যু, টিউমার ইত্যাদি। নিয়ম অনুযায়ী এসব বর্জ্য বিশেষভাবে সংরক্ষণ করে চিকিৎসাবর্জ্য বিনষ্ট করার চুল্লিতে বিনষ্ট ও শোধন করার কথা। অথচ চুয়াডাঙ্গার সরকারি-বেসরকারি চিকিৎসাকেন্দ্র ও হাসপাতালের একটিতেও তা করা হয় না।
বৃহস্পতিবার সদর হাসপাতাল চত্বরের পশ্চিম অংশে দেখা গেছে, রান্নাঘর-সংলগ্ন ভাঙা আস্তাকুঁড় উপচে চিকিৎসাবর্জ্য আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। পূর্ব দিকে সন্তান প্রসবকক্ষের বাইরে খোলা জায়গায় রক্তমাখা ন্যাপকিন, তুলা ও স্পঞ্জ রয়েছে।
হাসপাতালের অর্থোসার্জারি-বিশেষজ্ঞ মো. আবু বকর সিদ্দিক জানান, শরীর থেকে বিচ্ছিন্ন অঙ্গপ্রত্যঙ্গগুলো স্বজনদের কাছে দিয়ে তা মাটিতে পুঁতে ফেলার পরামর্শ দেওয়া হয়। রক্ত-পুঁজ লেগে থাকা গজ-তুলা নির্দিষ্ট আস্তাকুঁড়ে ফেলা হয়। তবে সংশ্লিষ্ট কর্মচারীদের কর্তব্যে অবহেলার কারণে মাঝেমধ্যে চিকিৎসাবর্জ্য এখানে-সেখানে পড়ে থাকতে দেখা যায়।
সরকারি মা ও শিশুমঙ্গল কেন্দ্রের দক্ষিণ ও পূর্ব পাশেও চিকিৎসাবর্জ্য পড়ে থাকতে দেখা যায়। ক্লিনিক ও রোগনির্ণয় কেন্দ্রগুলোতে এভাবে চিকিৎসাবর্জ্য ফেলে রাখা হয়। এসব প্রতিষ্ঠানের বিভিন আস্তাকুঁড় ও সড়কের পাশের খোলা জায়গায় চিকিৎসাবর্জ্য ফেলে রাখতে দেখা যায়। সেখানে বর্জ্যগুলো রোদে শুকিয়ে বাতাসে রোগজীবাণু ছড়াচ্ছে। বৃষ্টিতে মাটি ও ভূগর্ভস্থ পানি দূষিত হচ্ছে।
জেলা ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি শহিদুল হক বিশ্বাস জানান, তাঁদের প্রতিষ্ঠানগুলোর বর্জ্য পৌরসভার ভ্যান এসে নিয়মিত নিয়ে যায়।
জ্যেষ্ঠ আইনজীবী মো. রফিকুল ইসলাম বলেন, ‘চিকিৎসাবর্জ্য অব্যবস্থাপনা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ১৫ (১) ধারা অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এর আওতায় দায়ী ব্যক্তির তিন বছর সশ্রম কারাদণ্ড বা অনধিক তিন লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে।’
হাসপাতাল ও ক্লিনিকগুলোর পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকার বিষয়টি স্বীকার করে সিভিল সার্জন আজিজুল ইসলাম বলেন, আধুনিক পদ্ধতির চিকিৎসাবর্জ্য বিনষ্ট করার চুল্লি ব্যবহারের বিষয়টি এখনো নিশ্চিত করা যায়নি। পৌরসভা কর্তৃপক্ষ এসব বর্জ্য নিয়ে নিরাপদ দূরত্বে ফেলে আসে। তবে তা নিয়মিত হয় না।