শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃপক্ষের অব্যবস্থাপনার অভিযোগে শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। গত মঙ্গলবার সকাল ১০টার দিকে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন।বেলা ১১টা থেকে একটা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। ইনস্টিটিউটে শিক্ষকের সংকট থাকায় চারটি টেকনোলজির শিক্ষার্থীদের নিয়মিত ব্যবহারিক ও শ্রেণীকক্ষের পাঠদান ব্যাহত হচ্ছে।শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট সূত্র জানায়, এখানে ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল, ইলেকট্রনিকস, টেলিকমিউনিকেশন ও কম্পিউটার টেকনোলজি অনুষদে ৬৮৫ জন শিক্ষার্থী রয়েছেন। এ চারটি অনুষদের বিপরীতে ৪০ জন শিক্ষকের পদ থাকলেও বর্তমানে অধ্যক্ষসহ আটজন শিক্ষক আছেন। আরও আটজন শিক্ষককে খণ্ডকালীন ভিত্তিতে কলেজ কর্তৃপক্ষ নিয়োগ দিয়েছে। প্রত্যেক শিক্ষকের সপ্তাহে আট থেকে ২০টি ক্লাস নেওয়ার কথা থাকলেও শিক্ষকের সংকট থাকায় ৪২টি ক্লাস নিতে হচ্ছে। সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক ও প্রদর্শক দিয়ে পাঠদান না করানোয় শিক্ষার্থীরা প্রয়োজনীয় শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। ইনস্টিটিউটের ছাত্রাবাস ও শিক্ষক ডরমিটরি নেই। অ্যাকাডেমিক ও প্রশাসনিক ভবনে অধ্যক্ষ, শিক্ষক ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা বসবাস করছেন।শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ হুমায়ুন কবির খান বলেন, ‘শিক্ষকের সংকটের কারণে প্রতিষ্ঠানটি চালাতে হিমশিম খেতে হচ্ছে। প্রতি মাসে কারিগরি শিক্ষা অধিদপ্তর ও মন্ত্রণালয়ে শিক্ষক নিয়োগের জন্য চিঠি দিচ্ছি। দ্রুত শিক্ষক নিয়োগ দেওয়া না হলে এত ছাত্রছাত্রীর পাঠদান সম্ভব হবে না।’ ইনস্টিটিউটের শিক্ষার্থীদের অভিযোগ, টেলিকমিউনিকেশন অনুষদের ল্যাবে অধ্যক্ষ হুমায়ুন কবির খান বসবাস করেন। প্রশাসনিক ভবনের চতুর্থ তলায় তিনটি কক্ষে তিন শিক্ষক বসবাস করেন। অ্যাকাডেমিক ভবনের প্রথম তলার পাঁচটি শ্রেণীকক্ষে তৃতীয় শ্রেণীর কর্মচারী আতিকুর রহমান, মান্নান মৃধা, তরিকুল ইসলাম, হুমায়ুন কবির ও ইসমাইল হোসেন বসবাস করেন। দুটি ল্যাবে ১২০টি কম্পিউটার থাকার পরও শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাস নেওয়া হয় না।অধ্যক্ষ বলেন, ‘কোটি কোটি টাকার সম্পদ রক্ষা করার জন্য শিক্ষক-কর্মচারীদের ক্যাম্পাসের ভেতরের ভবনগুলোতে বসবাস করার অনুমতি দিয়েছি। আমার বাসভবনটিতে পানি ও বিদ্যুৎ না থাকায় বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। এ জন্য আমাকেও অ্যাকাডেমিক ভবনের একটি কক্ষে বসবাস করতে হয়। শিক্ষার্থীরা তাদের সমস্যার কথা আমাকে লিখিতভাবে জানায়নি।’