অব্যবস্থাপনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট, মন্ত্রীর ক্ষোভ
নানা অব্যবস্থাপনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায়ই যানজটের সৃষ্টি হচ্ছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার যোগাযোগমন্ত্রী সড়কপথে ঢাকা থেকে চাঁদপুর যাওয়ার পথে দাউদকান্দি বলদাখাল এলাকায় গিয়ে যানজটে আটকা পড়েন। এ সময় মন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন। দাউদকান্দি হাইওয়ে ও থানা পুলিশের সহযোগিতায় তিনি কোনোমতে নয় কিলোমিটার পথ অতিক্রম করে গৌরীপুরে পৌঁছান। পরে মন্ত্রীর নির্দেশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ, হাইওয়ে পুলিশ ও সাধারণ যাত্রীরা মিলে যানজটের পেছনে নানা ধরনের অব্যবস্থাপনা চিহ্নিত করেন। এগুলো হলো ঝুঁকিপূর্ণ মেঘনা-গোমতী সেতু দিয়ে যান চলাচলে ধীরগতি, মহাসড়কে বাস থামিয়ে যাত্রী ওঠা-নামা, দিনের বেলায় ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল, ঈদ সামনে রেখে অপ্রয়োজনীয় ও ক্রটিপূর্ণ অতিরিক্ত যানবাহন চলাচল, মহাসড়কে দুর্ঘটনার পর প্রয়োজনীয় রেকারের অভাবে দুর্ঘটনাকবলিত যানবাহন তাৎক্ষণিকভাবে অন্যত্র না সরানো, মহাসড়কের ফুটপাতসহ নিমশার এলাকায় কাঁচা বাজার বসানো ও অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া, দাউদকান্দির গৌরীপুরের বাইপাস সড়ক চালু না হওয়া ইত্যাদি।দাউদকান্দি হাইওয়ে পুলিশের সার্জেন্ট মেহেদী হাসান বলেন, ‘যোগাযোগমন্ত্রীর নির্দেশ অনুযায়ী যানজটমুক্ত রাখতে মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গৌরীপুরের বাইপাস চালুর ব্যাপারে সওজের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে।’চাঁদপুর থেকে ফিরে যোগাযোগমন্ত্রী দাউদকান্দি টোল প্লাজা মিলনায়তনে কুমিল্লার জেলা প্রশাসকসহ দাউদকান্দি উপজেলা প্রশাসন, সওজের কর্মকর্তা, পুলিশ প্রশাসন, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সভায় মন্ত্রী বলেন, ‘ঈদ সামনে রেখে ঘরমুখো মানুষের দুর্ভোগ গত বছরের মতো পুনরাবৃত্তি করতে চাই না। যানজটের কথা মনে হলে আমি সব সময় নারী, শিশু, বৃদ্ধ ও রোগীদের কষ্টের কথা ভাবি। অনেক সময় বিনা কারণেও যানজটের সৃষ্টি হয়। তাই যানজটের প্রকৃত কারণ উদ্ঘাটন করে মহাসড়কে আর যেন যানজট সৃষ্টি না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।’ একই সঙ্গে কুমিল্লা ও চাঁদপুরের বেহাল সড়কগুলোকে আগামী সাত দিনের মধ্যে কার্পেটিং করতে না পারলেও সংস্কার করে যানবাহন চলাচলের জন্য উপযোগী করতে কর্মকর্তাদের নির্দেশ দেন মন্ত্রী। মহাসড়কে অবৈধ দোকানপাট, কাঁচা বাজার, দোকান যাতে বসতে না পারে এবং সড়কে নছিমন, করিমন ও ইজিবাইক চলাচল করতে না পারে, সে বিষয়ে জোর তদারকি করারও নির্দেশ দেওয়া হয়।